নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

নভেম্বর ১৩, ২০২৬ ১২:২৮ 👁️ ৩২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত ঘোষণা ও প্রতিশ্রুতিকে বাস্তব ও কার্যকর পদক্ষেপে রূপান্তর করতে হবে। বিশেষ করে স্বল্পোন্নত ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত, পূর্বানুমানযোগ্য ও সহজলভ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা জরুরি। জলবায়ু সংকট সৃষ্টিতে ঐতিহাসিকভাবে অধিক দায়ী দেশগুলোকে তাদের আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP31-এর ব্লু জোনে অবস্থিত নেপাল প্যাভিলিয়নে ‘LDC Parliamentarians at COP31: Turning Climate Declarations into Action’ শীর্ষক বৈঠকে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। এসময় COP31-এ স্বল্পোন্নত দেশগুলোর সংসদ সদস্যদের বৈঠকে জলবায়ু ন্যায়বিচার, অর্থায়ন ও দিলি ঘোষণা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে তুলনামূলকভাবে কম অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা ও অন্যান্য জলবায়ুজনিত দুর্যোগ এসব দেশের খাদ্যনিরাপত্তা, জীবিকা, কৃষি, অবকাঠামো ও টেকসই উন্নয়নকে হুমকির মুখে ফেলছে। এ পরিস্থিতিতে জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা অপরিহার্য। তিনি বলেন, ২০২৬ সালের এলডিসি দিলি মন্ত্রী পর্যায়ের জলবায়ু পরিবর্তন বিষয়ক ঘোষণা স্বল্পোন্নত দেশগুলোর অভিন্ন স্বার্থ ও অগ্রাধিকার আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এ ঘোষণার লক্ষ্যসমূহ বাস্তবায়নে কেবল আন্তর্জাতিক আলোচনা নয়, জাতীয় পর্যায়ে আইন প্রণয়ন, নীতি সংস্কার, বাজেট বরাদ্দ, জবাবদিহি ও কার্যকর তদারকির মাধ্যমে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, জলবায়ু অর্থায়ন অবশ্যই উন্নত দেশগুলোর আন্তর্জাতিক প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। অভিযোজন, প্রশমন এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় অনুদানভিত্তিক ও সহজলভ্য অর্থায়ন বাড়ানো প্রয়োজন। জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর অতিরিক্ত ঋণের বোঝা সৃষ্টি না করে অর্থায়ন ব্যবস্থাকে আরো স্বচ্ছ, ন্যায্য ও কার্যকর করতে হবে। একই সাথে প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার উদ্যোগে আন্তর্জাতিক সহায়তা বাড়াতে হবে।

তিনি উল্লেখ করেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া বৈশ্বিক জলবায়ু লক্ষ্য অর্জনের জন্য গুরুত্বপূর্ণ। তবে এ রূপান্তর হতে হবে ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক এবং স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন চাহিদা ও জ্বালানি নিরাপত্তার সাথে সামঞ্জস্যপূর্ণ। উন্নত দেশগুলোকে এক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে হবে।

সংসদ সদস্যদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জলবায়ুবান্ধব আইন ও নীতি প্রণয়ন, সরকারি ব্যয়ের কার্যকর তদারকি, জলবায়ু অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় সংসদীয় সহযোগিতা বাড়ানো প্রয়োজন। এলক্ষ্যে বিভিন্ন দেশের সংসদ সদস্যদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, কপ৩১-এর আলোচনা ও সিদ্ধান্ত যেন স্বল্পোন্নত দেশগুলোর বাস্তব চাহিদা প্রতিফলিত করে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ঘোষণার চেয়ে বাস্তবায়ন, প্রতিশ্রুতির চেয়ে কার্যকর পদক্ষেপ এবং অর্থায়নের প্রতিশ্রুতির চেয়ে অর্থের প্রকৃত প্রাপ্যতা বেশি গুরুত্বপূর্ণ।

‘পার্লামেন্টারিয়ানস ফর আ ফসিল-ফ্রি ফিউচার’ নেটওয়ার্কের উদ্যোগে আয়োজিত বৈঠকে স্বল্পোন্নত দেশগুলোর জলবায়ু আলোচক এবং বিভিন্ন দেশের সংসদ সদস্যরা অংশ নেন। নেপালের সংসদ সদস্য অর্জুন কার্কির সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে নেপালের কৃষি, বন ও পরিবেশমন্ত্রী গীতা চৌধুরী, ফিলিপাইনের সংসদ সদস্য ও নেটওয়ার্কটির এশিয়াবিষয়ক স্টিয়ারিং কমিটির সদস্য সিয়েলো ক্রিসেল লাগম্যান, তিমুর-লেস্তের ইউএনএফসিসিসি ফোকাল পয়েন্ট অগুস্তো ম্যানুয়েল পিন্টো এবং দেশটির পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক পরিচালক কার্লোস কনসেইসাও আলোচনায় অংশ নেন।

COP31 বৈঠকে ২০২৬ সালের দিলি মন্ত্রী পর্যায়ের জলবায়ু ঘোষণার মূল বিষয় ও দাবিসমূহ, জলবায়ু অর্থায়ন এবং কপ৩১ ও পরবর্তী সময়ে স্বল্পোন্নত দেশগুলোর স্বার্থ সংরক্ষণে সংসদ সদস্যদের করণীয় নিয়ে আলোচনা হয়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়েও মতবিনিময় করেন।#

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।