অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহধর্মিনী ড. রেবেকা সুলতানা নারীর ক্ষমতায়নে বিভিন্ন কর্মকৌশলের মাধ্যমে নারীর অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে পুনাককে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ‘বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা ২০২৪’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
রেবেকা সুলতানা বলেন, বিভিন্ন আর্থ-সামাজিক খাতে নারীদের অগ্রাধিকার আজ সর্বজন স্বীকৃত। দেশের অর্থনীতির মূল স্রোতধারায় নারীদের অংশগ্রহণকে সুসংহত ও সমন্বিত করা এখন খুবই জরুরি ও সময়ের দাবি।
পুলিশ সপ্তাহ ২০২৪ এর দ্বিতীয় দিনে পুনকের অনুষ্ঠানে ড. রেবেকা সুলতানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল । সরকার নারী সমাজকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
পুনাকের নারীর ক্ষমতায়নের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে, দুস্থ ও অসহায় নারীদের আইনি সহযোগিতা প্রদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।
নারী জাতির সুষ্ঠু উন্নতি ছাড়া সমাজকে সমুন্নত বলা যায় না উল্লেখ করে ড. রেবেকা বলেন, আমাদের দেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করতে হলে তৃণমূল থেকে শুরু করে সকল পর্যায়ে নারী সমাজের সুসম উন্নয়ন নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ ও অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন তিনি। তিনি ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগে আত্মোৎসর্গকারী পুলিশ বাহিনীর সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান।
পুনাকের সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পুনাকের সাধারণ সম্পাদকা নাসিম আমিন বার্ষিক প্রতিবেদন পেশ করেন।
এর আগে, রাষ্ট্রপতির সহধর্মিনী পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে আয়োজিত রাজারবাগ মাঠে পুনাকের স্টলসমূহ পরিদর্শন করেন। তিনি সেখানে একটি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে পুনাকের সাংস্কৃতিক অনুষ্ঠানও উপভোগ করেন ড. রেবেকা সুলতানা ।

