স্টাফ রিপোর্টার, বাগমারা : পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন ৫৫ রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ মোঃ আব্দুল বারী।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। সফরসূচি অনুযায়ী, সৌদি আরবে ওমরাহর আনুষ্ঠনিকতা ও অবস্থান শেষে আগামী ২৪ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
দেশত্যাগের প্রাক্কালে এক বিবৃতিতে ডাঃ মোঃ আব্দুল বারী তাঁর নির্বাচনী এলাকা বাগমারা সহ দেশ ও প্রবাসে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী এবং সর্বসাধারণের নিকট দোয়া চেয়েছেন। তিনি যেন সুস্থ ও নিরাপদে ওমরাহ পালন সম্পন্ন করে পুনরায় জনগণের সেবায় আত্মনিয়োগ করতে পারেন এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন
একই সাথে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগমারাসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও শারদীয় অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য।
সফরকালীন সময়ে নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং দৈনন্দিন প্রশাসনিক কাজ সুচারুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সততা, সতর্কতা ও শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

