স্টাফ রিপোর্টার : দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর সুচিকিৎসা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি গতকাল সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে সরকার। ডেঙ্গু মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে গত এক মাসে সারাদেশের দুই হাজার চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
অসংক্রামক রোগের বিষয়ে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, দেশে ৭২ শতাংশের বেশি মানুষ অসংক্রামক রোগে মারা যান। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মানুষের মৃত্যু হয় হৃদরোগ ও স্ট্রোকে।
চিকিৎসকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি রোগীকে নিজের আত্মীয় মনে করে আন্তরিকতা ও মমতার সাথে সেবা দিতে হবে। রোগীর সাথে সহজ ভাষায় চিকিৎসার বিষয়গুলো বুঝিয়ে বললে ভুল বোঝাবুঝি কমবে এবং চিকিৎসক-রোগীর সম্পর্ক আরো দৃঢ় হবে। চিকিৎসকদের জ্ঞানের পাশাপাশি মানবিক আচরণ ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্রেস্টফিডিং কর্নার উদ্বোধন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।#

