মোহা. আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা প্রান কেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় গোরস্থানের ভেতরে প্রবেশ করে টিকটক ও ভিডিও তৈরির ঘটনায় স্থানীয় সচেতন মহল ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। পবিত্র এই স্থানের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় দ্রুত জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কতিপয় তরুণ-তরুণী বাঘা কেন্দ্রীয় গোরস্থানের অভ্যন্তরে প্রবেশ করে সেখানে অসম্মানজনক অঙ্গভঙ্গি করে টিকটক তৈরী ও ভিডিও ধারণ করছে। পরবর্তীতে এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
এলাকাবাসীর অভিযোগ, গোরস্থান একটি পবিত্র ও সংবেদনশীল স্থান, যেখানে মানুষ প্রিয়জনদের কবর জিয়ারত ও দোয়া করতে আসেন। সেখানে এমন বিনোদনমূলক ও দৃষ্টিকটু কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে মৃত ব্যক্তিদের প্রতি অসম্মান প্রদর্শনের পাশাপাশি এলাকার সামাজিক ও ধর্মীয় পরিবেশ নষ্ট হচ্ছে।
এ বিষয়ে বাঘার সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “পারিবারিক শিক্ষার অভাব এবং প্রযুক্তির অপব্যবহারের কারণে তরুণ প্রজন্মের একাংশ আজ স্থান-কাল-পাত্র ভুলে যাচ্ছে। গোরস্থানের মতো পবিত্র জায়গায় টিকটক ও ভিডিও করা চরম ধৃষ্টতা।” তারা গোরস্থান পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে গোরস্থানের নিরাপত্তা জোরদার এবং বহিরাগতদের অবাধ প্রবেশ নিয়ন্ত্রণের দাবি জানান।
এ ব্যাপারে গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন জানান, গোরস্থান একটি পবিত্র স্থান এই স্থানে অশ্লীলতার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। গোরস্থানের পবিত্রতা রক্ষায় নজরদারি বাড়ানো হবে এবং ভবিষ্যতে যেন কেউ এ ধরনের কর্মকাণ্ড করতে না পারে, সে বিষয়ে পরিচালনা কমিটির সঙ্গে আলোচনা করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

