নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ভাঙ্গায় কৃষক দল নেতা রাজুর জানাজায় রিজভী-টুকু

নভেম্বর ১৮, ২০২৬ ৯:৩৫ 👁️ ৬ views
Link Copied!

ভাঙ্গা উপজেলা প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষক দলের নেতা রাজু মোল্লার জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টায় ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এ ছাড়া ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা জানাজায় অংশ নেন।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে ফ্যাসিবাদীরা। রাতের আঁধারে বিভিন্ন স্থানে হামলা চালিয়ে তারা মানুষ হত্যা করছে।

অন্যের আশ্রয়ে থেকে তারা দেশকে অস্থিতিশীল করে তুলছে। তিনি আরও বলেন, দেশের প্রতি তাদের কোনো মায়া নেই।

তবে তারা যা করছে, বাংলাদেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। আর কত মানুষের চোখের পানি ও সন্তানহারা বাবা-মায়ের কান্না দেখতে হবে? রাজু মোল্লাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

জানাজায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু এবং স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলও সংক্ষিপ্ত বক্তব্য দেন। তারা নিহত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাজু মোল্লার মরদেহ দাফন করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।