স্টাফ রিপোর্টার: উলুধ্বনি তুলে আর গায়ে লাল বেনারসি শাড়ি জড়িয়ে রাজশাহী-১ আসনের প্রার্থী ও চিত্রনায়িকা মাহিয়া মাহিকে বরণ করে নিয়েছেন হিন্দু সমাজের লোকজন। সোমবার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটি কুমারপাড়ায় এমন ঘটনা ঘটেছে।
এ সময় মাহির স্বামী রকিব সরকারকেও দ্যুতি জড়িয়ে বরণ করেন নেন তারা। মাহি রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। নির্বাচনী প্রচারণায় গিয়ে হিন্দু সমাজের মানুষের ভালোবাসায় সিক্ত হলেন মাহি ও তার স্বামী।
গ্রামের লোকজন জানান, এতোদিন টিভি পর্দায় দেখেছেন মাহিকে। বাস্তবে দেখতে পেয়ে পরম আনন্দে তাকে স্বাগত জানান তারা। এই গ্রামে গিয়ে মাহি বলেন, ‘আমি আপনাদের মেহে মাহিয়া মাহি। আমাকে আপনারা ট্রাক প্রতীকে ভোট দেবেন। আমি সুখে-দুঃখে আপনাদের পাশে থাকতে চাই।’
এ দিন সকাল থেকেই মাহি চষে বেড়ান গোদাগাড়ী উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জ। সকালে তিনি কাঁকনহাট পৌরসভার সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লী গীর্জায় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেন। নেচে-গেয়ে তাদের সঙ্গে উৎসবে সামিল হন।
রাজশাহীর ছয়টি আসনের মধ্যে রাজশাহী-১ আসনেই সর্বোচ্চ ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনপ্রিয়তায় বিবেচনায় এই আসনের অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে উঠেছেন মাহিয়া মাহি।

