অনলাইন ডেস্ক : সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। শিরচ্ছেদের ঘটনায় সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টে ক্ষোভ উগরে দিয়েছেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
শ্রীলেখা বলেন, ‘আজ আমরা এআই, চ্যাটজিপিটি ব্যবহার করছি, রোবট তৈরি করছি, প্রযুক্তিতে অভাবনীয় উন্নতি করছি। অথচ আজও ধর্মের নামে মানুষের ভালোবাসা, স্বাধীনতা, এমনকি বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে! একটি মসজিদে চুম্বন করার অপরাধে সৌদি আরবে দুইজন মানুষের শিরচ্ছেদ করা হয়েছে— এই খবরটি সত্যিই ভয়াবহ।’
ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী বলেন, ‘আমার কাছে ভালোবাসার চেয়ে বড় কোনো ধর্ম নেই। আমি বিশ্বাস করি, সব ধর্মের মূল কথাই ভালোবাসা। ধর্মের নামে ভয়, ঘৃণা আর হিংসা ছড়ানো মানুষের তৈরি— ঈশ্বরের নয়। ইসলাম, হিন্দুধর্ম কিংবা খ্রিস্টধর্ম হোক— যে কোনো ধর্মের নামে মৌলবাদ ও ধর্মীয় উন্মাদনা আমার কাছে সমান ঘৃণ্য।’
শ্রীলেখা যোগ করেন, ‘আজও কেন ভালোবাসার জন্য দুইটি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে? সৌদি আরব, ইরান কিংবা পৃথিবীর অন্য কোথাও মানুষের স্বাধীনতা ও জীবনের অধিকার লঙ্ঘিত হলে আমাদের প্রতিবাদ কি শুধু সোশ্যাল মিডিয়ার কয়েকটি পোস্টে সীমাবদ্ধ থাকবে? আমি জানি না। এসব ঘটনা আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। অন্য অনেকের মতো সহজে সবকিছু ভুলে স্বাভাবিক হয়ে উঠতে পারি না। হয়তো আমি একজন পুরোনো মানুষ। আর পুরোনো আত্মাদের পৃথিবীর নিষ্ঠুরতা একটু বেশি যন্ত্রণা দেয়। শুধু এটুকু জানি, মানুষের জীবনের চেয়ে বড় কোনো ধর্ম হতে পারে না।’
গত ১৪ অক্টোবর তাদের মৃত্যুদণ্ড কার্যকরের পরই বাংলাদেশ বিষয়টি জানতে পারে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানিয়েছে, সৌদি সরকার এর আগে ২ হাজার ৫০০ বন্দির একটি তালিকা বাংলাদেশকে দিয়েছিল। ওই তালিকায় এই দুই বাংলাদেশির নাম ছিল।

