স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৪০টি মশাল, একটি চাকু ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- উপজেলার হরিদাগাছি গ্রামের মেহেদী হাসান নিরব (২৫) এবং তিলাহারী গ্রামের মশিউর রহমান তুহিন (২৪) ও সুমন আলী (২১)। জেলা পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন এ তথ্য জানিয়েছেন।
পুলিশের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী ওই স্থানে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন—এমন প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের অংশ হিসেবে তাঁরা এ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযানে গেলে অন্যরা পালিয়ে যান। আর তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
সাবিনা ইয়াসমিন জানান, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনসহ পলাতক অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মোহনপুর থানায় ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
