নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীর চারঘাটে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে

এপ্রিল ২৩, ২০২৪ ৩:০৩ 👁️ ১৮৯ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলার ২ নং শলুয়া ইউনিয়ন তাঁতারপর গ্রামে সোমবার তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দেওয়া হয়েছে। দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত গ্রামের ৬০ থেকে ৭০টি বাড়িতে বৃষ্টির জন্য গান গাওয়া শেষে বিয়ের অনুষ্ঠান হয়। বিয়ে শেষে সন্ধ্যায় ছিল খাওয়াদাওয়ার আয়োজন। উপজেলার তাতারপুর গ্রামের ইউসুফ আলী ও হাবিবা খাতুন নামের দুই শিক্ষার্থীর উদ্যোগে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

হাবিবা খাতুন জানান, তীব্র গরমে মানুষের নাভিশ্বাস অবস্থা। টিউবওয়েলে পানি উঠছে না, চাষাবাদের জন্যও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে আম ও লিচুর গুটি ঝরে পড়ছে। অতিরিক্ত সেচের কারণে ফসলের উৎপাদন ব্যয় বাড়ছে। এ কারণে যাতে বৃষ্টি হয়, সে জন্য ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবারও তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দুই দিন ছিল ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দুপুর ১২টায় তাপমাত্রা পাওয়া গেছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় মানুষের বাড়ি থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। ফসলের ক্ষতি হচ্ছে। মানুষ অনেকটা দিশাহারা হয়ে পড়েছেন।

এই আয়োজনের সঙ্গে ছিলেন তাতারপুর গ্রামের ব্যবসায়ী ইসমাইল হোসেন, গৃহবধূর আয়েশা বেগম, রোজিনা খাতুন, মমতাজসহ গ্রামের একদল শিশু। তাঁরা নেচে-গেয়ে আবির মেখে সারা গ্রামে ঘুরে বেড়ান। এরই মধ্যে ইউসুফ আলী ও হাবিবা খাতুন ব্যাঙ বর-বধূকে কলাগাছের খোলের মধ্যে ভরে বাউকে (বাঁশের বাতার তৈরি) নিয়ে ঘোরেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

ব্যাঙের বিয়ের উদ্যোক্তা ইউসুফ আলী বলেন, বৃষ্টি নেই, তাপমাত্রা বাড়ছে। গাছের আম ঝরে পড়ছে। অন্যান্য ফসলেরও ক্ষতি হচ্ছে। এই অবস্থায় তাঁরা গ্রামের লোকজনকে নিয়ে ব্যাঙের বিয়ে দেওয়ার আয়োজন করেছেন।

তারা গ্রামের ৬০ থেকে ৭০টি বাড়িতে বৃষ্টির জন্য ‘আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে’ গানটি গেয়েছেন। পরে ব্যাঙের বিয়ে দিয়ে একটি প্রতীকী পুকুর খনন করে সেখানে তাদের ছেড়ে দিয়েছেন। সন্ধ্যায় গ্রামের মণ্ডলপাড়ায় ওসিমুদ্দিন মণ্ডলের আমবাগানে ভোজের আয়োজন করা হয়। যারা এই আয়োজনে অংশ নিয়েছেন, তাদের সবাইকে দাওয়াত করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।