স্টাফ রিপোর্টার : শিক্ষা, গবেষণা, মানবসম্পদ উন্নয়ন ও আর্থিক অন্তর্ভূক্তি ত্বরান্বিত করার লক্ষ্যে এবং পারস্পরিক সহযোগিতা জোরদারকরণের অংশ হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ)-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ) এর আশরাফুল হুদা, ডিরেক্টর অব একাউন্ট এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) মানব সম্পদ উন্নয়ন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন রাকাব পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর মোঃ রফিকুল ইসলাম ও পরিচালকবৃন্দ; ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এনবিআইইউ) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম ছায়েদুর রহমান। এ চুক্তির ফলে শিক্ষা, তথ্য-প্রযুক্তি, গ্রামীণ উন্নয়ন ও অর্থায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার ক্ষেত্র তৈরি হবে।
সমঝোতা স্মারকের আওতায় নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাকাব-এ ইন্টার্নশিপের সুযোগ পাবেন। পাশাপাশি, ব্যাংকের সমন্বিত ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি সংগ্রহ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ সার্বিক ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এতে করে আর্থিক সচেতনতা বৃদ্ধি ও তরুণ উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
অন্যদিকে, এ সমঝোতার মাধ্যমে রাকাব-এর কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং তাদের স্ত্রী ও ছেলে-মেয়ে এনবিআইইউ-এর বিভিন্ন একাডেমিক প্রোগ্রামে ভর্তি ও টিউশন ফি-তে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন। এছাড়া ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে এনবিআইইউ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কাউন্সিলিং সহায়তা নিতে পারবেন।
উভয় কর্তৃপক্ষের মতে, এই সমঝোতা স্মারকটি উত্তরাঞ্চলের ব্যাংকিং খাত এবং উচ্চশিক্ষার সার্বিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী ভূমিকা পালন করবে।

