অনলাইন ডেস্ক: আগামীকাল থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব–১৯ প্রতিযোগিতা। চার দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, নেপাল আর ভুটান। শুরুর দিনই বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। চার দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে লিগ পদ্ধতিতে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। ৮ ফেব্রুয়ারি হবে ফাইনাল।
টুর্নামেন্টের প্রথম দিন বাংলাদেশ-নেপালের ম্যাচের আগে নামবে ভারত ও ভুটান। শুরু হবে দুপুর ৩টায়। এরপর সন্ধ্যা ৭টায় বাংলাদেশের ম্যাচ। মাঝে একদিন বিরতি দিয়ে আবারো মাঠে নামবে চার দল। ৪ ফেব্রুয়ারি দুপুর ৩টায় নেপালের প্রতিপক্ষ ভুটান আর সন্ধ্যা ৭টায় বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আর ৬ ফেব্রুয়ারি দুপুর ৩টায় ভারত লড়বে নেপালের বিপক্ষে আর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের।
২০২১ সালে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল সাফের শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। এবারও শিরোপা ধরে রাখার মিশনেই নামবে লাল-সবুজের জার্সিধারীরা। টুর্নামেন্ট শুরুর আগে সেই আশাই দেখাচ্ছেন দলটির কোচ সাইফুল বারী, ‘আমার এই দলের খেলোয়াড়দের বয়স কম হওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষিপ্রতা অনেক বেশি। ব্যক্তিগত স্কিলও ভালো। কিন্তু পরিপক্বতাটা হয়তো একটু কম। আমাদের লক্ষ্য পারফরম্যান্সে পরিপক্বতা দেখানো। এটাই ধরে রাখতে হবে। যে দল মাঠে এই ব্যাপারটি বেশি দেখাতে পারবে, শিরোপা জিতবে তারাই।’
অনূর্ধ্ব-১৭ নারী দলের ১৪ জন খেলোয়াড় এই দলে আছেন। যদিও গত সেপ্টেম্বরে ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের দ্বিতীয় পর্বে এই দলের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। ভিয়েতনাম, ফিলিপাইন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ম্যাচেই হেরেছিলেন মেয়েরা। তবে এবার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দেশকে ভালো কিছুই উপহার দিতে চান বাংলাদেশের বাঘিনীরা।
সাফের জন্য অনূর্ধ্ব-১৯ নারী দল: স্বর্ণা রাণী মন্ডল, জুঁই আক্তার, মেরি আইরিশ, ত্রিপুরা নরভি, আফিদা খন্দকার প্রান্তি (অধিনায়ক), ইতি খাতুন, সুরমা জান্নাত, জয়নব বিবি রিতা, রুমা আক্তার, নাদিয়া আক্তার জুথি, রিতু আক্তার, স্বপ্না রাণী (সহ-অধিনায়ক), ওইশি খাতুন, নুসরাত জাহান মিতু, কানন রাণী বাহাদুর, মুনকি আক্তার, বন্যা খাতুন, লুতফর আক্তার লিমা, পুঁজা দাস, সাগরিকা, তৃষ্ণা রাণী, উমেহলা মারমা, সুলতানা আক্তার, নবীরণ খাতুন।

