নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সিঙ্গাপুরে মাদক সেবনের অভিযোগে ১১ বাংলাদেশি গ্রেপ্তার

নভেম্বর ২৯, ২০২৫ ৫:১১ 👁️ ৬৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকার একটি আবাসনে অভিযান চালিয়ে অন্তত ১২ জন অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ওই অভিবাসী শ্রমিকদের ১১ জনই বাংলাদেশি।

আরও পড়ুনঃ  তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

বৃহস্পতিবার সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি) অভিযান চালিয়ে ওই প্রবাসী শ্রমিকদের গ্রেপ্তার করেছে বলে শনিবার দেশটির সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উডল্যান্ডস থেকে গ্রেপ্তারকৃত প্রবাসী শ্রমিকদের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক।

শুক্রবার সিএনবির এক বিবৃতিতে বলা হয়, ৩৪ বছর বয়সী এক বাংলাদেশিকে মাদকপাচার ও মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। চার ঘণ্টার ওই অভিযানে সিঙ্গাপুরের সিএনবি, হেলথ সায়েন্সেস অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, জনশক্তি মন্ত্রণালয় ও পুলিশের কর্মকর্তারা অংশ নেন।

২৭ নভেম্বর রাত ৯টার দিকে পুলিশ সিএনবির সদরদপ্তরে এই অভিযানের বিষয়ে ব্রিফিং করে। পরে অভিযান শুরু হয়। দেশটির সংবাদকর্মীদের এই অভিযান প্রত্যক্ষ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

আরও পড়ুনঃ  খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

দ্য স্ট্রেইটস টাইমস বলেছে, গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সিএনবির কর্মকর্তারা চিহ্নবিহীন গাড়িতে করে উডল্যান্ডসের ডরমিটরির দিকে রওনা দেন। বৃষ্টি উপেক্ষা করে রাত ১২টার আগে সেখানে প্রবেশ করেন কর্মকর্তারা।

ডরমিটরির একটি কক্ষে চারজন অভিবাসী শ্রমিক মাথা নিচু করে, পা গুটিয়ে বসেছিলেন। তাদের হাত পেছনে বাঁধা ছিল। কর্মকর্তারা তাদের লাগেজ ও ব্যক্তিগত জিনিসপত্র তল্লাশি করলেও তারা নীরব ছিলেন।

পরে আরেকজন শ্রমিককে হাতকড়া পরা অবস্থায় কক্ষে আনা হয় এবং তার পোশাকের আলমারি তল্লাশি করার সময় কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। গ্রেপ্তারকৃতদের মূল্যবান জিনিসপত্র স্বচ্ছ ব্যাগে ভরে তাদের সঙ্গে নেওয়া হয়।

অন্য একটি কক্ষ থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। সেখানে একটি কাঁচের বোতল, কাটা স্ট্র, রাবারের টিউব-সহ মাদকসেবনের বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। পরে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা সেগুলো প্রমাণ হিসেবে ব্যাগে সিল করে রাখেন।

আরও পড়ুনঃ  এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

সিএনবির ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জ্যান্থাস টং হিয়েং জি বলেন, মাদক সেবন, পাচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলা প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, ‘‘আমরা জোর দিয়ে বলতে চাই; সিঙ্গাপুরে মাদকের কোনও স্থান নেই, তা সমাজে, কর্মস্থলে কিংবা ডরমিটরিতে হোক না কেন।’’

গত ফেব্রুয়ারিতে সিএনবির প্রকাশিত বার্ষিক এক পরিসংখ্যানে বলা হয়, ২০২৪ সালে মোট ৩ হাজার ১১৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে; যা ২০২৩ সালের ৩ হাজার ১২২ জনের তুলনায় সামান্য কম।

তবে নতুন মাদকসেবীর সংখ্যা ২০২৪ সালে দাঁড়িয়েছে ৯৬৬ জনে, যা ২০২৩ সালের ৯৫২ জনের চেয়ে বেশি। তবে এই মাদকসেবীরা কোন দেশের নাগরিক সেই বিষয়ে প্রতিবেদনে কোনও তথ্য জানানো হয়নি।

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।