নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

৪৬ বছর পর মন্ত্রী পেল রাজশাহী সদর

ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৯:১০ 👁️ ৭৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সদরের মানুষ ৪৬ বছর পর মন্ত্রী পেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে নির্বাচিত হয়ে ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন মিজানুর রহমান মিনু। এর আগে ১৯৭৯ সালে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় এই আসন থেকে মন্ত্রী হয়েছিলেন এমরান আলী সরকার। তিনি ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের মন্ত্রী।

আরও পড়ুনঃ  নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

রাজশাহী জেলা এ পর্যন্ত পাঁচজন মন্ত্রী পেল। বিএনপির এমরান আলী সরকারের আগে স্বাধীনতা-পরবর্তী সময়ে সদর আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের এ এইচ এম কামারুজ্জামান বাণিজ্য, শিল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ছিলেন। এরশাদের মন্ত্রিসভায় খাদ্যমন্ত্রী, মৎস্য ও পশুপালনমন্ত্রী, ভূমিমন্ত্রী ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বাগমারার সরদার আমজাদ হোসেন। আর রাজশাহী-১ আসন থেকে নির্বাচিত বিএনপির ব্যারিস্টার আমিনুল হক ২০০১-০৬ সাল পর্যন্ত ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ছিলেন।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

এই চারজন মন্ত্রীর পর মিনুকে পেল রাজশাহী। তাঁর আগে রাজশাহী-৬ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের শাহরিয়ার আলম ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। আর ১৯৯১-৯৬ মেয়াদে রাজশাহী সদর আসন থেকে নির্বাচিত বিএনপির কবির হোসেন ভূমি প্রতিমন্ত্রী এবং ওই সংসদে রাজশাহী-১ আসন থেকে ব্যারিস্টার আমিনুল হক সংস্থাপন প্রতিমন্ত্রী ছিলেন। বাগমারার সরদার আমজাদ হোসেনও ১৯৮৬ সালে খাদ্য প্রতিমন্ত্রী হয়েছিলেন।

দীর্ঘদিন পর রাজশাহী সদর থেকে মিজানুর রহমান মিনু মন্ত্রী হলেন। বিএনপির এই বর্ষীয়ান নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি মাত্র ৩২ বছর বয়সে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র হন। টানা ১৭ বছর মেয়র ছিলেন। মেয়র থাকা অবস্থায় ২০০১ সালে তিনি রাজশাহী সদর আসনের সংসদ সদস্যও হন।

আরও পড়ুনঃ  নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির বর্ষীয়ান এ নেতা এবার প্রথম মন্ত্রী হলেন। এতে দলমত-নির্বিশেষে রাজশাহীর সব মানুষ খুশি। তাঁর মন্ত্রিত্বের খবরে শহরের পাড়া-মহল্লায় মিষ্টি বিতরণ করা হয়। মন্ত্রী হওয়ার পর মিজানুর রহমান মিনু বলেছেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব তো বটেই, রাজশাহীর জন্যও নিরলসভাবে কাজ করে যাব। আমি এখন আরও ভালোভাবে রাজশাহীর জন্য কাজ করতে পারব।’

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।