অনলাইন ডেস্ক : বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে গলি সিতারায় মেট্রো স্টেশনের কাছে তিনতলা ওই বাড়ি ভেঙে পড়ে। চার জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দিল্লিতে আবার বাড়ি ভেঙে পড়ল। এ বার ঘটনাস্থল পুরনো দিল্লির চওরি বাজার এলাকা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে গলি সিতারায় মেট্রো স্টেশনের কাছে তিনতলা একটি বাড়ি আচমকাই ভেঙে পড়ে। দু’জনে মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আশঙ্কা করা হচ্ছে, ভেতরে বেশ কয়েক জন চাপা পড়ে গিয়েছেন।
খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ, দমকলের ছ’টি ইঞ্জিন এবং উদ্ধারকারী দল। পুলিশ সূত্রে খবর, ধ্বংসস্তূপের নীচ থেকে চার জনকে উদ্ধার করা হয়েছে। কত জন আটকে রয়েছেন তা স্পষ্ট নয় বলে পুলিশ সূত্রে খবর। জোরকদমে উদ্ধারকাজ চলছে। স্থানীয়েরাও উদ্ধারকাজে হাচ লাগিয়েছেন। যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কংক্রিটের ধ্বংসস্তূপের নীচে কত জন আটকে রয়েছেন, কোথায় আটকে রয়েছেন, তা চিহ্নিত করার কাজ করছে উদ্ধারকারী দল। জানা গিয়েছে, চওরি বাজারের কাছে যে বাড়িটি ভেঙে পড়েছে, সেটি নির্মাণের কাজ চলছিল। বুধবারই চাঁদনি চক এলাকায় ১৬০ বছরের পুরনো ঐতিহ্যবাহী টাউন হলের একাংশ ভেঙে পড়ে। দু’দিন আগে উত্তর-পূর্ব দিল্লিতে একটি বাড়ির স্ল্যাব ভেঙে পড়ে দু’জনের মৃত্যু হয়েছিল। সেটিরও নির্মাণকাজ চলছিল। সেই ঘটনার পর এ বার পুরনো দিল্লিতে আরও একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ল।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সত্য নিকেতনে একটি মেসবাড়ি ভেঙে পড়ে। সেই ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন ১১ জন। সেই ঘটনার পর শহরে বিপজ্জনক বাড়ি চিহ্নিত করে তা ভেঙে ফেলার কাজ শুরু করে পুরনিগম।

