নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

মোহনপুরে কৃষকদের হাতে এয়ার ফ্লো মেশিন ও প্রণোদনা তুলে দিলেন এমপি মিলন

নভেম্বর ১৫, ২০২৬ ৭:৪১ 👁️ ৫ views
Link Copied!

মমিনুল ইসলাম মুন (স্টাফ রিপোর্টার) : রাজশাহীর মোহনপুরে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধি ও পেঁয়াজ সংরক্ষণে সহায়তা দিতে এয়ার ফ্লো মেশিন, নগদ অর্থ এবং রবি মৌসুমের কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব কৃষি উপকরণ তুলে দেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

২০২৫-২৬ অর্থবছরের আওতায় উপজেলার ৫০ জন কৃষককে একটি করে পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন দেওয়া হয়। পাশাপাশি মেশিন স্থাপনের জন্য ঘর নির্মাণে প্রত্যেক কৃষককে ৭ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

এছাড়া ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, মসুর, খেসারি ও অড়হর ডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষির উন্নয়ন ও কৃষকের ভাগ্যোন্নয়নে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। কৃষকদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, এয়ার ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে কৃষক দীর্ঘ সময় পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। এতে পেঁয়াজের পচন রোধ হবে এবং বাজারে ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি মৌসুমের বাইরে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখা এবং আমদানিনির্ভরতা কমাতেও এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠান শেষে চলমান রবি মৌসুমে সার সরবরাহ স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে সার ডিলার এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন এমপি মিলন। এ সময় তিনি বলেন, সার নিয়ে কোনো ধরনের কারসাজি বরদাস্ত করা হবে না। দেশে সারের কোনো ঘাটতি নেই দাবি করে তিনি বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নজরদারি রাখার নির্দেশ দেন তিনি।

মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব-অর-রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী কৃষকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।