মোহা. আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত জাহান অনন্যনা।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বাঘা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পদ্মানদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে বালি উত্তোলনের অপরাধে আশরাফপুর গ্রামের খলিল উদ্দিনের ছেলে আলম হোসেনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলার গড়গড়ি ইউনিয়নের সুলতানপুর গ্রামের খলিল উদ্দিনের ছেলে আলম হোসেন পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যার নেতৃত্বে নৌ পুলিশ, থানা পুলিশ, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স লক্ষ্মীনগর বালুমহাল ও চকরাজাপুরসহ পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট এলাকায় অভিযান ও টহল পরিচালনা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, অভিযানে চকরাজাপুর এলাকায় ড্রেজারের মাধ্যমে নির্ধারিত বালুমহালের বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারায় আলম হোসেনকে ১ (এক) লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এমন কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু উত্তোলন ও পুকুর খনন থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানান উপজেলা প্রশাসন।

