নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার

নভেম্বর ২০, ২০২৬ ১০:০০ 👁️ ২৫ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩জন ডাকাতকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের রাউতাড়া (গাবতলী) এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে দুইটি ধারালো রামদা, একটি ধারালো হাসুয়া ও একটি ধারালো ছুরি জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁ সদর উপজেলা ফারাদপুর গ্রামের মৃত মন্টু বসির খাঁর ছেলে মো. রেজাউল ইসলাম (৫৫), একই উপজেলার চক গোয়ালী গ্রামের মো.আমজাদ হোসেনের ছেলে মো. রিমন হোসেন (২৫) এবং বগুড়া জেলার আদমদিঘী উপজেলার মো. বাবু মিয়ার ছেলে মো. সাগর (৩০)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে গাবতলী বাজারস্থ রাউতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসান। এসময় রাত ১২টার দিকে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে পিকআপযোগে নিয়ামতপুরের দিকে আসছিল। সেই পিকআপ রাউতাড়া পৌঁছিলে পুলিশ গাড়িটিকে থামানোর সংকেত দেয়। এসময় পিকআপের ড্রাইভার গাড়ি বন্ধ করে দিলে ১২-১৩জন ডাকাত গাড়ি থেকে নেমে দিক-বিদিক পালানোর চেষ্টা করে। পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ৩জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এই ডাকাত দল পিকআপযোগে নিয়ামতপু ও নাচোল উপজেলার সীমান্ত এলাকা ধানসুরার দিকে ডাকাতির উদ্দেশ্যে বের হয়েছিল।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, গ্রেপ্তারকৃত তিনজন ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।