বগুড়া প্রতিনিধি : বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও সচেতন ছাত্রসমাজ। এ সময় হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
এতে প্রায় পৌনে দুই ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
রোববার (২২ নভেম্বর) দুপুর ২টা থেকে পৌনে ৪টা পর্যন্ত শহরের মোহাম্মদ আলী হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। একইসঙ্গে নিহত গালিবের মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
নিহত মনিরুল ইসলাম গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা।
বিক্ষোভ চলাকালে গালিবের মা ময়না কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেকে বিনা কারণে হত্যা করা হয়েছে। যারা আমার ছেলেকে হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।
সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, একজন শিক্ষার্থীকে হত্যা করা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গালিবের বাবা নেই, শুধু মা আছেন। পুলিশ ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত একজন আসামিকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারেও কাজ চলছে। গালিবের মা আবেদন করলে আগামী এক সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে তার চাকরির ব্যবস্থা করা হবে।
তিনি অভিযোগ করে আরও বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের মধ্যে একজন যুবদলের সঙ্গে সম্পৃক্ত। তাকে দল থেকে বহিষ্কারের জন্য বলা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় কোনো হত্যাকাণ্ড বরদাশত করা হবে না। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমিও এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসি দাবি করছি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পেছনে বন্ধুদের সঙ্গে ক্যারম খেলছিল গালিব। এ সময় স্থানীয় যুবক মিশু (২১) তার ধূমপানের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গালিবের কাছে ৫০০ টাকা দাবি করেন তিনি।
এ নিয়ে গালিবের সঙ্গে মিশু ও তার বন্ধু রোহিত বাবুর (২০) বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিশু ও বাবু গালিবের বুক ও পিঠে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ রয়েছে। গুরুতর আহত অবস্থায় গালিবকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

