হায়দার আলী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৫০ গ্রাম গাঁজাসহ শিখা খাতুন (৩৮) নামে এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাচোল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত জেলার নাচোল থানাধীন ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর (মমিনমোড়) এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি অভিযানিক দল। অভিযানে আটক শিখা খাতুন পাহাড়পুর (মমিনমোড়) গ্রামের বাসিন্দা। তিনি মৃত আস্তারুল ইসলামের স্ত্রী। অভিযানকালে তাঁর কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
অভিযান শেষে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ বাদী হয়ে শিখা খাতুনের বিরুদ্ধে নাচোল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, মাদকের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নাচোল উপজেলার পাহাড়পুর এলাকায় এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

