নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পুঠিয়ায় দুই দশকের দুর্ভোগের অবসানে সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নভেম্বর ২৫, ২০২৬ ৯:০৯ 👁️ ৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের জনদুর্ভোগের অবসান ঘটতে যাচ্ছে রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর জিসি (স্লুইসগেট) থেকে নলডাঙ্গা জিসি পর্যন্ত সড়কের। অবশেষে ১৫ কোটি ৮১ লাখ ৯১ হাজার ৪২৮ টাকা ব্যয়ে ৭ দশমিক ৯৫৩ কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে তাহেরপুর ব্রিজসংলগ্ন মোড়ে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়িত হবে।

দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে তাহেরপুর, সাধনপুর, নলডাঙ্গাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। খানাখন্দে ভরা ভাঙাচোরা সড়কে চলাচল ছিল ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত, অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া এবং কৃষিপণ্য বাজারজাত করতে স্থানীয়দের চরম ভোগান্তিতে পড়তে হতো।

সড়কটি সংস্কারের দাবি ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের। অবশেষে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, “২০ বছর পর হলেও আমাদের কষ্টের কথা কেউ শুনেছেন। রাস্তাটি নির্মাণ হলে ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া এবং রোগীদের হাসপাতালে নেওয়া অনেক সহজ হবে।” ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, নির্বাচনের আগে তিনি এলাকাবাসীকে সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই আজ উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কাজটি সম্পন্ন হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, যাতায়াতের সময় ও জনদুর্ভোগ কমানোর পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, পুঠিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মোহাম্মদ আসাদুজ্জামান, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জুলফিকার রহমান ভুট্টোসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়ক উন্নয়নকাজ বাস্তবায়িত হলে কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।