নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

দুর্গাপুর থানার সামনে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত, যুবক আটক

ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৮:২২ 👁️ ১১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:পরীক্ষা কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ায় রাজশাহীর দুর্গাপুর থানার সামনে ফিরোজ আহম্মদ (৩৮) নামের এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে এক যুবক। ঘটনার পর ওই যুবককে আটক করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

রোববার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১টা ৫০মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে। দুর্গাপুর থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন। আহত পুলিশ কনস্টেবল ফিরোজ আহম্মদ দুর্গাপুর থানায় কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

ঘটনার পর ধাওয়া করে পৌর সদরের সিংগা বাজার থেকে অভিযুক্ত যুবক সেলিম রেজাকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সেলিম রেজা উপজেলার হোজা গ্রামের আনসার আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সদস্য ফিরোজ আহম্মদ মোটরসাইকেলে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় থানা থেকে বের হয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় সেলিম রেজা দৌড়ে গিয়ে তার তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করেন। পুলিশ কনস্টেবল ফিরোজ মোটরসাইকেলে দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করলেও কিছু দূর যেতেই তিনি পড়েন যান। পরে পথচারী ও থানা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তামান্না খানম বলেন, পুলিশ কনস্টেবল ফিরোজের বুকের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছে। অনেকটাই জখম হয়েছেন তিনি। প্রচুর রক্তক্ষরণের কারনে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত রামেক হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করে পুলিশ কনস্টেবল ফিরোজের অস্ত্রোপচারের জন্য ওটিতে নেয়া হয়।

একটি সূত্র জানায়, দুর্গাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ায় ওই যুবক ক্ষিপ্ত হয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটিয়েছে। পরীক্ষা শুরুর আগে আটককৃত যুবক সেলিম রেজা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করে। এ সময় বাধা দেন দায়িত্বে নিয়োজিত পুলিশ কনস্টেবল ফিরোজ আহম্মদ। এরপর দোকান থেকে নতুন ছুরি কিনে পুলিশ কনস্টেবল ফিরোজকে অনুসরণ করতে থাকেন। ডিউটি শেষ করে থানায় হাজিরা দিয়ে বাসার ফেরার পথে ছুরিকাঘাতের ঘটনা ঘটান ওই যুবক।

আরও পড়ুনঃ  নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, পুলিশ কনস্টেবল ফিরোজকে কি কারনে দিনের বেলায় প্রকাশ্যে রাস্তায় ছুরিকাঘাত করা হয়েছে এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কারণ তারা একে অপরকে কেউ চিনে না। এ বিষয়ে ওই যুবককে থানায় আটক রেখে জিজ্ঞাসাবাদ চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।