নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

এমপি মনোনয়ন না পাওয়ায় শুকরিয়া জানিয়ে কলেজ শিক্ষকের সিজদা

নভেম্বর ৩০, ২০২৩ ৯:০৬ 👁️ ৮৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি। এ জন্য খুশিতে আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে সিজদা করেছেন মোহনপুরের একটি কলেজের শিক্ষক। এই শিক্ষকের নাম আহসান হাবিব রনি।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণার পর থেকেই রনি ঢাকায় ছিলেন। বুধবার রাত ৯টায় তিনি মোহনপুরে ফেরেন। এরপর উপজেলা সদরে রাজশাহী-নওগাঁ মহাসড়কে তিনি একটি সিজদা দেন। রনি মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন তিনি। এখন স্থানীয় একটি কলেজে শিক্ষকতা পেশায় আছেন।

সিজদা দেওয়ার বিষয়ে জানতে চাইলে আহসান হাবিব রনি বলেন, ‘এমপি আয়েন উদ্দিন একজন জুলুমকারী। তিনি ভূমি দখলকারী, রাজাকারের সন্তান। একজন রাজাকারের সন্তান এবার মনোনয়ন পাননি। মোহনপুরের মাটি কলঙ্কমুক্ত হয়েছে। সেই খুশিতে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিজদা দিয়েছি। মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী বাহিনী থেকে আমাদের দেশ মুক্ত হয়েছিল ৯ মাসে, আর রাজাকারের সন্তান থেকে মোহনপুরের মাটি মুক্ত হলো ১০ বছর পর।’

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

তিনি বলেন, ‘আয়েন উদ্দিন ২০১৪ সালে প্রথম এমপি হয়েই আগে আমাদের ছাত্রলীগের কমিটি ভেঙেছিলেন। আমিই প্রথম তার নির্যাতনের শিকার। ২০১৪ সালে এমপি হওয়ার পরে তিনি আমাকে প্রথম পুলিশ দিয়ে আটক করান। সারাদিন থানা কাস্টডিতে রাখেন, যেন আমাকে দেখে অন্যরা অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পায়। এতদিন পর আমরা আওয়ামী লীগ করার অধিকার ফিরে পেয়েছি।’

আহসান হাবিব রনি আরও বলেন, ‘আমি কলেজের শিক্ষক হিসেবে যোগদান করেছি। এই কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি এমপির দুলাভাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম। তিনি আমাকে সাসপেন্ড করার জন্য তিনবার মিটিং করেছেন। এবার যদি এমপি আয়েন উদ্দিন মনোনয়ন পেতেন, তাহলে এতক্ষণ আমি সাসপেন্ড হয়ে যেতাম।’

আরও পড়ুনঃ  ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান; রোপণ সাড়ে ৭০০ গাছ

এমপি আয়েন উদ্দিন এখন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০১৪ সাল থেকে পর পর দুইবার নৌকার টিকিটে তিনি এমপি নির্বাচিত হন। এবার এ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তবে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করেছেন এমপি আয়েন উদ্দিন।

সাবেক ছাত্রলীগ নেতা আহসান হাবিব রনির অভিযোগের বিষয়ে কথা বলতে এমপি আয়েন উদ্দিনকে ফোন করা হয়। তবে তিনি ধরেননি। আর সংযোগ পাওয়া যায়নি এমপির দুলাভাই উপজেলা চেয়ারম্যান আবদুস সালামের মোবাইলে। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।