নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

নভেম্বর ১৬, ২০২৬ ৯:৫৩ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অভিযোগে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে ভবানীগঞ্জ পৌরসভার জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ও ১৫ ধারায় এ অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে সরেজমিনে দেখা যায়, কয়েকজন ব্যবসায়ী পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে বিকল্প মোড়ক ব্যবহার করছেন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি অস্বাস্থ্যকর ও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হচ্ছে। এ অপরাধে আরিফুল ইসলামকে ১০ হাজার টাকা এবং আকরাম হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ভবানীগঞ্জ জিরো পয়েন্ট এলাকায় যানজট নিরসনে সড়কের ওপর রাখা দোকানের মালামাল সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন রাজশাহী পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাদিম আক্তার, বাগমারা থানার এসআই (নিঃ) বরুনসহ পুলিশের সদস্যরা।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ দূষণ রোধ এবং আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সড়কে যানজট সৃষ্টি করে এমন মালামাল না রাখার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।