নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে আজহারীর তাফসির মাহফিলে লাখো মানুষের সমাগম

নভেম্বর ২৮, ২০২৬ ১০:৩৭ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : প্রথমবারের মতো রাজশাহীতে তাফসির মাহফিলে বক্তব্য দিচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। শনিবার (২৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা মাশায়েখ পরিষদ আয়োজিত মাহফিলে তিনি বক্তব্য শুরু করেন। রাত সোয়া ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার বক্তব্য চলছিল। তাঁর বক্তব্য শুনতে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম ঘটে।

এর আগে শনিবার বিকেল ৩টা থেকে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলনসহ রাজশাহীর অন্য সংসদ সদস্যবৃন্দ। সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর।

মাওলানা মিজানুর রহমান আজহারীর প্রথমবারের মতো রাজশাহীতে আগমনকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাহফিলে অংশ নিতে রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মানুষ সমবেত হন। দুপুরের পর থেকেই মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। নারী, পুরুষ ও বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিশাল এই জনসমাগম সুশৃঙ্খলভাবে পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে কয়েক হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। জনসমাগম নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা, অংশগ্রহণকারীদের সহযোগিতা এবং বিভিন্ন ব্যবস্থাপনামূলক কাজে তাঁদের নিয়োজিত রাখা হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা মানুষের চলাচল ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতেও স্বেচ্ছাসেবকেরা কাজ করছেন।

মাহফিলে আগত মানুষের সুবিধার্থে যানজট নিরসন ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য চিকিৎসাসেবা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। মাঠের বাইরেও অবস্থান করা মানুষের সুবিধার্থে বড় পর্দায় মাহফিলের কার্যক্রম সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়েছে। এতে মূল মাঠে জায়গা না পাওয়া কিংবা দূরবর্তী স্থানে অবস্থান করা মানুষও মাহফিলের বক্তব্য ও কার্যক্রম দেখার সুযোগ পাচ্ছেন।

সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। মাঠ ও আশপাশের এলাকায় শৃঙ্খলা বজায় রাখা, জনসমাগম ব্যবস্থাপনা এবং আগত মানুষের নিরাপত্তায় তাঁদের তৎপরতা দেখা গেছে।

নারী অংশগ্রহণকারীদের সুবিধার কথা বিবেচনায় রেখে মাদ্রাসা মাঠের পাশে হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ মাঠে পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাঁদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধারও আয়োজন রাখা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে রাজশাহীতে বৃহৎ পরিসরের এই ধর্মীয় আয়োজন ঘিরে নগরজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ধর্মীয় আলোচনা শোনা ও ইসলামের শিক্ষা সম্পর্কে জানার আগ্রহ থেকে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে বিশেষ মাত্রা দিয়েছে। স্বেচ্ছাসেবকদের সমন্বিত কার্যক্রম, নারী অংশগ্রহণকারীদের পৃথক বসার ব্যবস্থা, বড় পর্দায় মাহফিল দেখার সুযোগ, চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানি ও নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় আয়োজনটি সুশৃঙ্খলভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।