নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীর সেই নির্বাচন কর্মকর্তার বদলি

জুন ২৭, ২০২৩ ৮:২৯ 👁️ ৯৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনকে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান সোমবার এই প্রজ্ঞাপনে সই করেন।

আরও পড়ুনঃ  বিএনপির প্রার্থী মির্জা ফয়সল, থাকবে ডামি প্রার্থীও

গত ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে ১৮ জুন দিবাগত রাতে নগরীর সাগরপাড়া এলাকায় আবুল হোসেনের ভাড়া বাসায় যান নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন। এ সময় তাকে অবরুদ্ধ করা হয়।

লিমন এবং তার পরিবার এই নির্বাচনে নৌকার পক্ষে ছিলেন না বলে অভিযোগ আছে। লিমনের মামা আবদুল হামিদ সরকার টেকন এই নির্বাচনে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। নির্বাচনে তিনি জিতেছেন। লিমনকে নির্বাচন কর্মকর্তার বাসায় অবরুদ্ধ করা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাদের দাবি, মামার বিজয় নিশ্চিত করার জন্য লিমন তাঁর বাসায় গিয়েছিলেন টাকা নিয়ে। অবরুদ্ধ করার সময় দুজন টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

যদিও নির্বাচন কর্মকর্তা সেই অভিযোগ অস্বীকার করেছেন। ওই রাতে লিমনকে নির্বাচন কর্মকর্তার বাসা থেকে উদ্ধার করেছিল পুলিশ। পরদিন মুচলেকা নিয়ে লিমনের বাবা জেলা পরিষদ চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের কাছে তাকে হস্তান্তর করা হয়। এ দিন নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। এই নির্বাচনে আবুল হোসেন সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাসায় ঘটে যাওয়া ওই ঘটনার পর নির্বাচন সংক্রান্ত কোন কাজে তাকে দেখা যায়নি।

আরও পড়ুনঃ  মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

এরইমধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দেন নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন। তবে শেষপর্যন্ত তাঁকে বদলি করা হলো। বদলির প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ জুলাইয়ের মধ্যে আবুল হোসেনকে ঢাকায় নির্বাচন কমিশন সচিবালয়ে যোগদান করতে হবে। যোগদান না করলেও ৬ জুলাই তিনি রাজশাহীর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তার পদ থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

একই প্রজ্ঞাপনে দিনাজপুর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিককে রাজশাহীর জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এ দায়িত্বে পাশাপাশি তিনি দিনাজপুরের ভারপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।