লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ১২ নম্বর চরশাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড চরশাহী উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরীর চাকরি নিয়ে পরিচয় জালিয়াতির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বড় ভাই মহিন উদ্দিন বিদেশে চলে যাওয়ার পর তাঁর পরিচয় ব্যবহার করে ছোট ভাই মোসলেহ উদ্দিন চাকরি করছেন।
বিদ্যালয়ের নথি অনুযায়ী, মহিন উদ্দিন ১৯৮৮ সালের ১ জুলাই নৈশপ্রহরী পদে যোগদান করেন। তাঁর ইনডেক্স নম্বর C624580। অভিযোগকারীদের দাবি, চাকরিতে যোগদানের পর মহিন উদ্দিন বিদেশে চলে গেলে তাঁর ছোট ভাই মোসলেহ উদ্দিন বিদ্যালয়ে দায়িত্ব পালন শুরু করেন। পরে বড় ভাইয়ের পরিচয়েই চাকরিতে বহাল থাকেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মজিবুর রহমানের পাঁচ ছেলের মধ্যে বড় ছেলে মোসলেহ উদ্দিন এবং দ্বিতীয় ছেলে মহিন উদ্দিন । অন্য তিন ছেলে আলাউদ্দিন, আল মামুন ও মোহাম্মদ নিজাম উদ্দিন। অভিযোগকারীদের দাবি, পারিবারিক সনদে মোসলেহ উদ্দিন ও মহিন উদ্দিন পৃথক ব্যক্তি হিসেবে উল্লেখ থাকলেও বিদ্যালয়ের চাকরির ক্ষেত্রে তাঁদের পরিচয় নিয়ে অসংগতি রয়েছে।
এ ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে মহিন উদ্দিনের পরিচয় নিয়ে। অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, বড় ছেলে মহিন উদ্দিন পাসপোর্টসহ বিভিন্ন সরকারি নথিতে নিজের নাম মহিন উদ্দিন ব্যবহার করে বিদেশে চলে গেছেন। তাহলে বর্তমানে বিদ্যালয়ে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছেন কে? একই বাবার দুই ছেলের পরিচয় কীভাবে মহিন উদ্দিন নামে ব্যবহৃত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
এ ছাড়া মহিন উদ্দিনের পাশাপাশি ইসমাইল নাম ব্যবহারের অভিযোগ উঠেছে। অথচ পারিবারিক সনদে মজিবুর রহমানের ছেলে হিসেবে ইসমাইল নামে কারও উল্লেখ নেই বলে দাবি অভিযোগকারীদের।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দেওয়া একটি প্রত্যয়নপত্র নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগকারীদের দাবি, পারিবারিক সনদে মহিন উদ্দিন ও মোসলেহ উদ্দিনকে পৃথক ব্যক্তি হিসেবে উল্লেখ করা হলেও অন্য একটি প্রত্যয়নপত্রে মোসলেহ উদ্দিন ওরফে মহিন উদ্দিন হিসেবে একই ব্যক্তি উল্লেখ করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলম জানান, প্রথমে মহিন উদ্দিন বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। পরে তিনি বিদেশে চলে গেলে তাঁর ছোট ভাই মোসলেহ উদ্দিন নৈশপ্রহরী হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ঘটনায় তৎকালীন প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলামের যোগসাজশের অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।
অভিযোগকারীরা মহিন উদ্দিন ও মোসলেহ উদ্দিনের পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, পারিবারিক সনদ এবং বিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত মূল নথি যাচাইয়ের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, এসব নথি পরীক্ষা করলেই প্রকৃত পরিচয় ও চাকরিসংক্রান্ত অনিয়মের বিষয়টি স্পষ্ট হবে।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র নিকট জানতে চাইলে তিনি বলেন আমি এ জালিয়াতির বিষয়ে অবগত নয় বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হবে।
তাঁরা শিক্ষা বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

