মোহা মজিদুল, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিন দিনব্যাপী (২৬ থেকে ২৮ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন খামারির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রাণিসম্পদ বিভাগের চলমান কার্যক্রম তুলে ধরেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহম্মেদ ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাচোল উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইয়াকুব আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবী, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম এবং নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ। বক্তারা দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন এবং খামারিদের আধুনিক পদ্ধতিতে পশুপালনের মাধ্যমে দেশকে রপ্তানিমুখী অর্থনীতিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় খামারি, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
