নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

‘মাতাল’ হয়ে ম্যাচ পরিচালনা করছিলেন রেফারি!

নভেম্বর ২৬, ২০২৬ ৬:৩৫ 👁️ ৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর একটি ম্যাচে নজিরবিহীন ও হাস্যকর এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আল-জাজিরা এবং ইরানের গোল গহর এফসি-র মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচে রেফারির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ম্যাচ পরিচালনার অভিযোগ তুলেছেন দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা। তীব্র বিতর্ক এবং দুই দলের ম্যাচ বয়কটের হুমকির মুখে বিরতির পর ওই রেফারিকে সরিয়ে চতুর্থ রেফারিকে দিয়ে ম্যাচ পরিচালনা করা হয়।

গত বুধবার (২৫ নভেম্বর) রাতে এশিয়ার দ্বিতীয় স্তরের এই ক্লাব প্রতিযোগিতার ম্যাচটি পরিচালনার দায়িত্বে ছিলেন সিরিয়ার ৩৭ বছর বয়সী রেফারি হান্না হাত্তাব। ম্যাচের প্রথমার্ধ থেকেই তাঁর আচরণে তন্দ্রাচ্ছন্ন ভাব ও অমনোযোগিতা লক্ষ্য করা যায়। খেলোয়াড়দের সাথে কথা বলার সময়ও তাঁর মাঝে স্বাভাবিক সজাগ ভাবের অভাব ছিল।

মাঠে একের পর এক অদ্ভুত ও বিতর্কিত সিদ্ধান্ত নিতে থাকলে দুই দলের খেলোয়াড় ও কোচরা তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন। তবে সব সীমা ছাড়িয়ে যায় প্রথমার্ধের একটি ফাউলের ঘটনায়। ভিডিও ফুটেজে দেখা যায়, আল-জাজিরার ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিলসন প্রতিপক্ষ গোল গহরের সোহেল সাহরাইকে একটি কড়া ট্যাকল করেন। রেফারি ফাউলের বাঁশি বাজান এবং উভয় দলের খেলোয়াড়দের প্রতিবাদের মুখে সাহরাইয়ের চোট পর্যবেক্ষণ করেন। কিন্তু এরপর সবাইকে হতবাক করে দিয়ে তিনি ফাউলকারী মিলসনের বদলে আল-জাজিরার গোলরক্ষক এরসিন দেস্তানোগ্লুকে ডেকে এনে হলুদ কার্ড দেখান! তাঁর এই কাণ্ডে মাঠের দুই দলের খেলোয়াড়রাই পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়েন।

এই ঘটনার পর গোল গহরের কোচ মেহদি রাহমাতিকে চতুর্থ রেফারির উদ্দেশে বলতে শোনা যায়, “রেফারি মাতাল হয়ে আছেন।” পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং দুই দলই ম্যাচের বাকি অংশ বয়কটের হুমকি দিলে, বিরতির পর হান্না হাত্তাবকে সরিয়ে চতুর্থ রেফারিকে মূল রেফারির দায়িত্ব দেওয়া হয়।

ম্যাচ শেষে গোল গহরের টিম ডিরেক্টর হায়দার আফসারি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আল-জাজিরার বিপক্ষে রেফারি স্বাভাবিক অবস্থায় ছিলেন না, এমনকি আল-জাজিরার খেলোয়াড়রাও আমাদের একই কথা বলেছে। আমরা তাৎক্ষণিকভাবে ম্যাচ অফিশিয়ালদের বিষয়টি জানাই এবং সতর্ক করে দিই যে পরিস্থিতি একই থাকলে আমরা আর খেলব না। আল-জাজিরার ৭৭ নম্বর জার্সিধারী খেলোয়াড়ের (মিলসন) দ্বিতীয় ফাউলের পর লাল কার্ড দেখে মাঠ ছাড়ার কথা ছিল, অথচ রেফারি কার্ডটি গোলরক্ষকের নামে লিখেছেন!”

উল্লেখ্য, হান্না হাত্তাব এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) এলিট প্যানেলের একজন অভিজ্ঞ রেফারি। ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনাকারী এই রেফারি এশিয়ান কাপ, চ্যাম্পিয়নস লিগ ও বিশ্বকাপ বাছাইপর্বের মতো বড় টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন।

তবে হাত্তাবের বিরুদ্ধে ওঠা মদ্যপানের অভিযোগটি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ম্যাচের পরপরই এএফসি-র পক্ষ থেকে তাঁর এই পারফরম্যান্সের বিষয়ে কোনো তদন্ত করা হবে কি না, সে ব্যাপারেও তাৎক্ষণিক কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।