নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

অবসরে যাওয়া শ্রমিকদের গ্র্যাচুইটি দাবি মাড়াই মৌসুমের প্রথম দিন কাফনের কাপড় জড়িয়ে চিনিকলে শ্রমিকেরা

নভেম্বর ২৪, ২০২৩ ১০:২০ 👁️ ৭৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান চলছে। কর্মকর্তারা বক্তব্য দিচ্ছেন। এ অনুষ্ঠান থেকে ১০০ মিটার দূরে কাফনের কাপড় গায়ে জড়িয়ে মানববন্ধনে দাঁড়িয়েছেন চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। তারা দাবি করছেন তাদের গ্র্যাচুইটির টাকা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

শুক্রবার বিকালে রাজশাহী চিনিকলের ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠানের দিন এভাবেই পাওনা টাকা দাবি করেন অবসরপ্রাপ্ত অসহায় শ্রমিকেরা। তারা জানান, অবসর গ্রহণের পর সাত-আট বছর ধরে তারা গ্র্যাচুইটির টাকা পাচ্ছেন না। এতে তাদের মানবেতর বনযাপন করতে হচ্ছে। টাকার অভাবে বিনাচিকিৎসায় কেউ কেউ মারা যাচ্ছেন।

এখন রাজশাহী চিনিকলের অবসরে যাওয়া ৩২০ জন শ্রমিক কর্মচারী গ্র্যাচুইটির প্রায় ৩০ কোটি টাকা পাবেন। একেকজনের পাওনা ১০ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত। সাত-আট বছর ধরে তাদের টাকা দেওয়া হচ্ছে না। এরমধ্যে একবার ৫০ হাজার ও একবার ৩০ হাজার টাকা করে দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। তারা সমস্ত টাকা একসঙ্গেই পরিশোধের দাবি জানাচ্ছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মানববন্ধনে ছোট্ট নাতিকে নিয়ে কাফনের কাপড় জড়িয়ে দাঁড়িয়েছিলেন মিনা বেগম। তিনি বলেন, তার স্বামী মো. আলী বাচ্চু চিনিকলের মৌসুমি করণিক ছিলেন। অবসর নিয়েছিলেন ২০১৮ সালে। কিন্তু গ্র্যাচুইটির টাকা পাননি। ইতোমধ্যে নানা অসুখে ভুগে বিনা চিকিৎসায় তিনি মারা গেছেন। তারপরও তারা টাকা পাননি। টাকা পেলে স্বামীর চিকিৎসা করাতে পারতেন।

অবসরে যাওয়া জ্যেষ্ঠ করণিক জাকির হোসেন বলেন, ‘আমি অবসর নিয়েছি ২০২০ সালে। আমিও গ্র্যাচুইটির টাকা পাইনি। দুইবারে ৮০ হাজার টাকা পেলেও তা কাজে লাগানো যায়নি। আমরা সমস্ত টাকা একসঙ্গে চাই। এই টাকা কোথাও বিনিয়োগ করে শেষ বয়সে সংসারটা চালাতে চাই। তাই কর্তৃপক্ষের কাছে দাবি, দ্রুতই যেন আমাদের টাকা বুঝিয়ে দেওয়া হয়।’

সেন্টার ইনচার্জ পদ থেকে ২০২১ সালে অবসরে যাওয়া শ্রমিক বশির উদ্দিন বলেন, ‘শ্রমিকদের ঘরে এখন চাল নেই। তাই রান্নার জন্য চুলো জ¦লছে না। চাল কেনার টাকাও নেই। শ্রমিকেরা অনাহারে দিন পার করছে। অথচ তাদের পাওনা টাকা তারা পাচ্ছে না। এ অবস্থা চলতে পারে না।’ কর্মসূচি থেকে তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

আরও পড়ুনঃ  রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

শ্রমিকদের এই কর্মসূচি যখন চলছিল তখন পাশেই হচ্ছিল আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের যুগ্মসচিব ও পরিচালক (অর্থ) খোন্দকার আজিম আহমেদ। সভাপতিত্ব করেন রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার। অনুষ্ঠানে ছিলেন হরিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেবর আলীসহ অন্যান্য অতিথিরাও। পরে তারা আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন।

অবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্র্যাচুইটির টাকার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের যুগ্মসচিব ও পরিচালক (অর্থ) খোন্দকার আজিম আহমেদ বলেন, তিনি সবই দেখেছেন। যত দ্রুত শ্রমিকদের টাকা পরিশোধ করা যায় তা তিনি চেষ্টা করবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।