স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখতে শনিবার (২৮ নভেম্বর) ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে কথা বলেন। তিনি আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।
পরে বিজিবির অপস রুম পরিদর্শন করেন মন্ত্রী। তিনি অপস রুমের কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েক মোঃ মনির হোসেন (৪০) মাথায় আঘাতপ্রাপ্ত হন। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত ২১ নভেম্বর তাঁকে পিলখানায় বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। এর আগে গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালেকুজ্জামান (৪৭) এবং সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন।

