স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. তাজমুলতান টুটুল এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সচিবের ব্যক্তিগত সহকারী তাজ মুরাদ লিটনের পিতা মো. মোশারফ হোসেন সরকারের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বাদ আসর মালোপাড়াস্থ রাজশাহী দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে অংশগ্রহণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ্ব মামুন-অর রশিদ, সহসভাপতি আসলাম সরকার সহ মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে মোঃ মোশারফ হোসেন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এক শোকবার্তায় রাসিক প্রশাসক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজারহাতা নিবাসী মো. মোশারফ হোসেন সরকার ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

