বাবুল হুসাইন, লক্ষ্মীপুর : স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় লক্ষ্মীপুরের কমলনগরে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর উপজেলা জেএসডির উদ্যোগে উপজেলার প্রতিটি ইউনিয়নের বিভিন্ন জামে মসজিদে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এতে স্থানীয় মুসল্লি, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। মোনাজাতে আ স ম আবদুর রবের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার জানান, দলের প্রিয় নেতা আ স ম আবদুর রবের শারীরিক সুস্থতা কামনায় জুমার নামাজের পর উপজেলার সব ইউনিয়নের নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকার মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করার অনুরোধ জানানো হয়। এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন মসজিদে এ কর্মসূচি পালন করা হয়।
এদিন অধ্যক্ষ আবদুল মোতালেবের নেতৃত্বে চর লরেন্স কেন্দ্রীয় জামে মসজিদে এবং হারুনুর রশিদ ডিলারের নেতৃত্বে চৌধুরী বাজার জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের জেএসডি নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার মসজিদে একই কর্মসূচির আয়োজন করেন। দোয়া শেষে মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, আ স ম আবদুর রব বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের অন্যতম সংগঠক। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেন তিনি। বয়সজনিত কারণে বর্তমানে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তাঁর সুস্থতা কামনায় রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ দোয়া করছেন।
