অনলাইন ডেস্ক : ছোটপর্দায় একের পর এক জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন তিনি। কিন্তু পেশাগত সাফল্যের আড়ালেও কঠিন সময়ের মুখোমুখি হতে হয়েছিল। সেই নিয়েই এ বার মুখ খুললেন প্রযোজক একতা কপূর। তাঁর কেরিয়ারের সবচেয়ে খারাপ বছর ছিল ২০০৮ সাল। অন্য দিকে, করোনাকালেও মানসিক ভাবে সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে এসে নিজের জীবনের সেই কঠিন অধ্যায়ের কথা ভাগ করে নিলেন একতা।
২০০৮ সালকে নিজের কেরিয়ারের সবচেয়ে খারাপ সময় বলে উল্লেখ করেছেন একতা। সেই বছরের অভিজ্ঞতা মনে করে তিনি বলেন, “সেই বছরটায় আমার সঙ্গে ভাল কিছুই ঘটেনি।” কেন এতটা কঠিন ছিল সেই সময়? একতার কথায়, “পেশাগত দিক থেকে বছরটা আমার জন্য খুবই খারাপ ছিল।” সেই সময়ে নিজেরও কিছু ভুল হয়েছিল বলে তিনি মনে করেন।
একতা জানান, একসময় তাঁর ধারণা ছিল, সবচেয়ে ভাল কাজ তিনিই তৈরি করেন। পরে বুঝতে পারেন, তাঁর আশপাশেও অনেক প্রতিভাবান স্রষ্টা রয়েছেন। একতার কথায়, “আমি ভাবতাম, সবচেয়ে ভাল কাজ আমিই তৈরি করি। পরে বুঝলাম, আরও অনেক স্রষ্টা রয়েছেন।”
পেশাগত জীবনে ২০০৮ সাল কঠিন হলেও মানসিক স্বাস্থ্যের দিক থেকে ২০২১ ও ২০২২ সালকে সবচেয়ে কঠিন সময় বলে মনে করেন একতা। করোনা অতিমারির সময়ে চারপাশে ঘটে চলা ঘটনাগুলির সঙ্গে মানিয়ে নিতে পারছিলেন না তিনি। দীর্ঘ দিন বাড়িতে আটকে থাকা, একের পরে এক পরিচিত মানুষের মৃত্যু, সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে উঠেছিল। সেই সময়ের কথা বলতে গিয়ে একতা বলেন, “মানসিক স্বাস্থ্যের দিক থেকে সময়টা খুব খারাপ ছিল। চার পাশে যা ঘটছিল, তার সঙ্গে মানিয়ে নিতে পারছিলাম না। করোনার সময়টাই আমার কাছে মানসিক ভাবে সবচেয়ে কঠিন ছিল।”
প্রকাশ্যে নানার ময়নাতদন্তের রিপোর্ট! সত্যিই কি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি? কী উঠে এল?
করোনাকালে ব্যক্তিগত ক্ষতির প্রসঙ্গও তুলে ধরেছেন প্রযোজক। দীর্ঘ সময় বাড়িতে বন্দি থাকার অভিজ্ঞতা তাঁর কাছে নতুন ছিল। তার উপর আশপাশে এত মানুষের মৃত্যু আগে কখনও দেখেননি তিনি। একতার কথায়, “আমার আশপাশে এত মৃত্যু আগে কখনও দেখিনি। মানসিক দিক থেকে ২০২১-’২২ সালটাই ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। তবে পেশাগত জীবনে সবচেয়ে খারাপ বছর ছিল ২০০৮।”
‘কিউঁকি সাস ভি কভি বহু থি’, ‘কহানি ঘর ঘর কী’, ‘কসৌটী জ়িন্দগী কে’ এবং ‘নাগিন’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক একতার প্রযোজনায় তৈরি হয়েছে। ছোটপর্দার পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও সাফল্য পেয়েছেন একতা। ‘দ্য সাবরমতী রিপোর্ট’, ‘ক্রু’ এবং ‘ভূত বাংলা’র মতো ছবির সঙ্গে যুক্ত তিনি। ২০২৬ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘দ্য বন’।

