স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ২ টায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলনকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ( পুঠিয়া, দুর্গাপুর) অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল । সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। সভায় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম, পুঠিয়া পৌর চেয়ারম্যান আসাদুল হক আসাদ, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাস্টার, রাজশাহী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ ভুট্টো, সাবেক পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান, সাবেক বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাকিব, পুঠিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান আতিক, তথ্য সংগ্রহকারীগণ, সাংবাদিক সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কোনো পরিবার যেন ভুল তথ্যের কারণে বাদ না পড়ে, সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।

