হায়দার, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ এনামুল হক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে গোমস্তাপুর থানাধীন রহনপুর পৌরসভার ধুলাউড়ি গ্রামের জনৈক শফিকুল ইসলাম কালুর আমবাগানের সামনে পায়ে হাঁটা কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়।
গোমস্তাপুর থানার এসআই (নিঃ) মোঃ সেলিম রেজার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় ধুলাউড়ি গ্রামের মৃত আইনাল হকের ছেলে মোঃ এনামুল হককে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পুলিশ জানায়, মাদকের ভয়াবহতা থেকে সাধারণ মানুষকে রক্ষা এবং মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এনামুল হককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে। মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখার কথাও জানিয়েছে পুলিশ।
মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

