নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩

অক্টোবর ২৯, ২০২৬ ১০:০২ 👁️ ১০ views
Link Copied!

হাসিনুজ্জামান মিন্টু , ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভুয়া ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আরও পড়ুনঃ  রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

আটক ব্যক্তিরা হলেন হিমেল, সিয়াম ও মিনহাজ। তাদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সিয়াম ও মিনহাজ আলিম প্রথম বর্ষে পড়াশোনা করেন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম জানান, সংশ্লিষ্টদের সহযোগিতায় তিনজনকে শনাক্ত করা হয়। পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে এসে তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তাদের একটি কক্ষে রাখা হয়েছে।

এদিকে, সকাল ৮টা থেকে আসনটিতে ভোটগ্রহণ শুরু হয়। বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। নির্বাচন সুষ্ঠু রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুনঃ  জাইমা রহমানের জন্মদিন বগুড়ায় ৫৪৮ ছাত্রী পেল সাইকেল

এ উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী এলাকার ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯, পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।

নির্বাচনের নিরাপত্তায় ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ১৯০ জন এসআরবি সদস্য, ২ হাজার ৪৬০ জন আনসার এবং ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে রয়েছে ২৪টি মোবাইল টিম, বিজিবির ২১ প্লাটুন সদস্য, ১২টি ড্রোন ও তিনটি ডগ স্কোয়াড।

আরও পড়ুনঃ  বাগমারায় অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমে অপবাদের শিকার হচ্ছেন প্রশাসনের কর্তারা

জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম জানান, আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়েছিলেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হলে উপনির্বাচনের আয়োজন করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।