নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নবাগত অভিনেত্রী দিব্যাণী যা যা শেখাচ্ছেন সৃজিতকে

অক্টোবর ২, ২০২৬ ১১:২৪ 👁️ ১০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’ প্রকাশের শতবর্ষ উপলক্ষে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। সৃজিত মুখার্জি পরিচালিত এই মহাকাব্যিক ঐতিহাসিক সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার পরিচিত মুখ দিব্যাণী মণ্ডলের। সিনেমায় যেমন নতুনদের সুযোগ দিয়েছেন সৃজিত, তেমনি বাস্তব জীবনেও এই ‘জেন জি’ প্রজন্মের অভিনয়শিল্পীদের কাছ থেকে প্রতিনিয়ত নতুন অনেক কিছু শিখছেন এই নির্মাতা।

আরও পড়ুনঃ  মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

সম্প্রতি সিনেমাটির মুক্তির আগে ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সৃজিত মুখার্জি জানান, প্রজন্মের ব্যবধান থাকলেও তিনি নতুনদের কাছ থেকে শিখতে বেশ আগ্রহী। বিশেষ করে নবাগত দিব্যাণীর কাছ থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের নানা খুঁটিনাটি শিখছেন।

সেই সাক্ষাৎকারে সৃজিত বলেন, ‘আমি দিব্যাণীর কাছ থেকে ইনস্টাগ্রাম ব্যবহার করা শিখছি। কীভাবে ইনস্টাগ্রামে রিলস শুট করতে হয়, গ্রিড সাজাতে হয়—এসব বিষয় শিখছি। ওরা এ ব্যাপারে অসম্ভব পটু।’

আরও পড়ুনঃ  হৃদয়ের কোনো সতর্কসংকেত উপেক্ষা করা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

নতুন প্রজন্মের চিন্তাধারার কথা উল্লেখ করে নির্মাতা আরও বলেন, ‘ওরা ফেসবুকটাকে ধর্তব্যের মধ্যেই রাখে না, ভাবে ওটা ‘বুমার’দের জিনিস। ওরা যেভাবে চারদিকের পৃথিবীটাকে দেখে, তা নিয়ে আমার সঙ্গে কথা হয়। সমাজ, রাজনীতি, সম্পর্ক কিংবা সংগীত নিয়ে ওদের যে দৃষ্টিভঙ্গি, সেগুলোর সঙ্গে আমাকে পরিচিত করিয়েছে দিব্যাণী ও ঋক (আরও এক তরুণ শিল্পী)। যেকোনো প্রজন্মের কাছ থেকেই অন্য প্রজন্মের অনেক কিছু নেওয়ার আছে।’

সৃজিতের মতো হেভিওয়েট নির্মাতার সিনেমায়, এত বড় তারকাদের সঙ্গে প্রথমবার কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত দিব্যাণী। ‘ফুলকি’ ধারাবাহিক দিয়ে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী সাক্ষাৎকারে জানান, শুরুতে কিছুটা ভয় কাজ করেছিল তার। বকুনি খাওয়ার ভয়ে শুটিংয়ে সব সংলাপ মুখস্থ করে যেতেন।

দিব্যাণী বলেন, ‘বকুনি খাওয়ার ভয়ে ছিলাম। সেজন্য আমি আর ঋকদা দুজনেই শুটিংয়ে সব মুখস্থ করে যেতাম। যেখানে বুঝতে পারিনি, সেখানে সৃজিত স্যার বুঝিয়ে দিয়েছেন। ১৫ অক্টোবরের পর দর্শক কী বলবে, এখন সেই অপেক্ষায় আছি।’

আরও পড়ুনঃ  দীঘির কপাল খুলবে কবে?

সিনেমাটিতে দিব্যাণীকে ‘ভারতী’ চরিত্রে নির্বাচনের বিষয়ে সৃজিত জানান, ভারতী চরিত্রটির মধ্যে একধরনের অন্তর্নিহিত সারল্য রয়েছে। উপন্যাসে সব্যসাচীর স্বাধীনতা সংগ্রামের সশস্ত্র পন্থা নিয়ে ভারতীর মনে অনেক প্রশ্ন জাগে। এই নিষ্পাপ দৃষ্টিভঙ্গির জন্য এমন এক নতুন মুখের প্রয়োজন ছিল, যাকে দর্শক আগে সেভাবে দেখেনি।

নন্দী মুভিজের ব্যানারে প্রদীপ কুমার নন্দী প্রযোজিত ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আসছে দুর্গাপূজায়; আগামী ১৫ অক্টোবর। এতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, সব্যসাচী মল্লিকের চরিত্রে আবীর চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় দেখা যাবে সঞ্জয় নাগকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।