নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

নভেম্বর ২৯, ২০২৬ ১০:১৯ 👁️ ১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় জমি কেনাবেচায় সাধারণ মানুষের ভোগান্তি ও হয়রানি কমানো এবং সরকারি নির্ধারিত জমির মূল্যকে বাস্তব বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ নভেম্বর ) সকাল ১১টায় পুঠিয়া উপজেলা অডিটরিয়ামে উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের জমির মালিক, ক্রেতা-বিক্রেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা নিজ নিজ এলাকার মৌজাভিত্তিক জমির প্রকৃত বাজারমূল্য, জমির শ্রেণিভেদে মূল্য নির্ধারণ এবং জমি কেনাবেচার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও ভোগান্তির বিষয় তুলে ধরেন।

অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে অনেক এলাকায় সরকারি নির্ধারিত জমির মূল্য ও প্রকৃত বাজারমূল্যের মধ্যে পার্থক্য রয়েছে। ফলে জমি ক্রয়-বিক্রয়ের সময় সাধারণ মানুষকে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। তাই স্থানীয় বাস্তবতা ও প্রচলিত বাজারদর বিবেচনায় নিয়ে জমির ন্যায্য মূল্য নির্ধারণ করা প্রয়োজন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণশুনানিতে সাধারণ মানুষের দেওয়া মতামত, প্রস্তাব এবং স্থানীয় বাজারদরের বাস্তব চিত্র পর্যালোচনা করে পরবর্তী সময়ে মৌজাভিত্তিক জমির মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। এ কার্যক্রমের মাধ্যমে জমির মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থ রক্ষার প্রত্যাশা করা হচ্ছে।

এর আগে গণশুনানিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়। স্থানীয় মানুষের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও বাস্তব বাজারদরকে গুরুত্ব দিয়েই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গণশুনানিতে পুঠিয়া উপজেলা সাব-রেজিস্ট্রার মাসুদ রানা বলেন, “আজকের গণশুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মতামতের ভিত্তিতেই জমির মূল্য নির্ধারণ করা হবে, যা আগামী তিন বছর কার্যকর থাকবে। তাই সবার মতামত নেওয়ার জন্য এ আয়োজন করা হয়েছে। কেউ যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়টি বিবেচনায় রেখেই সরকার এ ব্যবস্থা চালু করেছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন, সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যক্তি যাতে অযথা হয়রানি কিংবা আর্থিক ক্ষতির শিকার না হন, সে লক্ষ্যেই এ গণশুনানির আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের মতামত এবং এলাকার প্রকৃত বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়েই জমির মূল্য নির্ধারণ করা হবে।

গণশুনানিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, জমির মালিক, ক্রেতা-বিক্রেতাসহ উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।