স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ কোডিনযুক্ত কাশির সিরাপ ও বিদেশি মদ উদ্ধার করেছে এসআরবি-৫। বুধবার (৪ নভেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে উপজেলার কিশোরপুর মালোপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৫৩ বোতল ইস্কাফ, ৩৯ বোতল উইন সেরেক্স কাশির সিরাপ, ১৮০ মিলিলিটারের চার বোতল ও ৩৭৫ মিলিলিটারের পাঁচ বোতল ওল্ড মঙ্ক রাম, ১৮০ মিলিলিটারের ১০ বোতল মাউন্টেন ওক হুইস্কি এবং ৭৫০ মিলিলিটারের দুই বোতল অফিসার্স চয়েস হুইস্কি।
অভিযান চালিয়ে আশপাশে খোঁজাখুঁজি করেও এসব মাদকদ্রব্যের কোনো মালিককে পাওয়া যায়নি। পরে পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকা তৈরি করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
এসব মাদকদ্রব্য পরবর্তী সময়ে বাঘা থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি। মাদকদ্রব্যের মালিকের সন্ধানে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫।

