স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭অক্টোবর) সকাল ১০ টায় বাঘা উপজেলা সন্মেলনকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এই মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকি ফয়সাল তালুকদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, উপজেলা বিএনপি’র আহবায়ক ফকরুল হাসান বাবলু, আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সুরুজ্জামান সুরুজ, বাঘা পৌর বিএনপি’র সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তফিসহ নের্তৃবৃন্দ, উপজেলা আনছার ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকার, রাজশাহী জেলা জামায়াতের শুরা কর্মপরিষদ
সদস্য ও বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিন্নাত আলী, উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল-মামুন নুহুসহ নেতৃবৃন্দ, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ফ্রন্ট, বাঘা উপজেলা শাখা সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে, সাধারণ সম্পাদক অপূর্ব সাহা, উপজেলা আনছার ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকারসহ বাঘা উপজেলা ও পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সমন্বয় উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, বাঘা উপজেলা সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে প্রতিটি পূজামণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল-মমুন বলেন, আগত দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান জানান। সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সকলের সহযোগিতাও কামনা করেন। তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনে জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সাংসদ আবু সাঈদ চাঁদ বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজামণ্ডপ কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে উৎসব উদযাপনের আহ্বান জানান তিনি। তাছাড়াও উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপগুলোতে তাদের পক্ষ হতে সেচ্ছাসেবক নিয়োগ করবেন মর্মে আশ্বাস প্রদান করেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করাই পুলিশের প্রধান লক্ষ্য। এ ক্ষেত্রে ক্ষমতাসিন ও বিরোধীদলীয় রাজনৈতিক সংগঠন এবং ধর্মীয় নেতৃবৃন্দের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে-এমন কোনো কর্মকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। উল্লেখ্য: উপজেলার দু’টি পৌরসভা ও ৭ টি ইউনিয়নে এবার ৪৭ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭ ইউনিয়নে ৩৪ টি ও বাঘা পৌর এলাকায় ১২টি, এবং আড়ানি পৌর এলাকায় ১৩টি মণ্ডপ রয়েছে।

