নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বেঙ্গল সু বন্ধ, নিভে গেছে ২ হাজার শ্রমিকের চুলার আগুন

অক্টোবর ৪, ২০২৬ ১০:০৬ 👁️ ৮ views
Link Copied!

মো: আবদুল কাদের, লক্ষ্মীপুর : স্বামী মারা গেছেন প্রায় ১০ বছর আগে। কলেজপড়ুয়া দুই মেয়ে ও বৃদ্ধ মাকে নিয়ে কোনোভাবে সংসার চালিয়ে আসছিলেন রহিমা আক্তার (ছদ্মনাম)। গ্রামের এক ব্যক্তির মাধ্যমে মাসিক ৬ হাজার টাকা বেতনে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া গ্রামের বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজে চাকরি পান তিনি। বেতন-বোনাসে চলছিল সংসার ও মেয়েদের পড়াশোনা।

আরও পড়ুনঃ  রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরাম'-এ অংশ নিচ্ছেন কমলনগরের আমজাদ হুসাইন শামীম

কিন্তু হঠাৎ কারখানা বন্ধ হয়ে যাওয়ায় সেই আয়ের পথও বন্ধ হয়েছে। গত পাঁচ মাস ধরে বেকার রহিমার পরিবারসহ বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজের প্রায় দুই হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী পড়েছেন চরম বিপাকে। বিশেষ করে নারী শ্রমিকদের অনেকেই নতুন কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

কারখানাটির ১২ জন নারী ও পুরুষ শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অনেকের পরিবারের একমাত্র উপার্জনের উৎস ছিল বেঙ্গল সু’র চাকরি। কারও বাবা-মা নেই, কারও স্বামী নেই। চাকরি হারানোর পর কেউ জমানো টাকা ভেঙে, কেউ ধারদেনা করে সংসার চালাচ্ছেন। অনেকের ঘরে নিয়মিত খাবারও জুটছে না।

কারখানাটির শ্রমিক সুমি আক্তার বলেন, কারখানা বন্ধ হওয়ার পর পুরুষ শ্রমিকদের অনেকে অন্যত্র চাকরি পেলেও নারী শ্রমিকদের বেশিরভাগই এখনো বেকার। গত এক মাসে কয়েকজন মিলে লক্ষ্মীপুর সদরের বিসিক শিল্পনগরী এলাকায় চাকরির জন্য যোগাযোগ করেও কোনো কাজ পাননি তারা।

তিনি বলেন, “এখন বিধবা নারী হয়ে একার আয় দিয়ে কোনো রকমে জীবনযাপন করছি। কারখানাটি চালু হলে আমাদের অনেকেরই আবার বাঁচার পথ তৈরি হবে।”

আরও পড়ুনঃ  রাবিতে ডেঙ্গু প্রতিরোধে হল প্রাধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা

একই এলাকার শ্রমিক মো. মাসুম, হাবিবুর রহমান ও মানিক হোসেন বলেন, চাকরি হারিয়ে তারা ঘরে বসে আছেন। জমানো টাকা দিয়ে চাল, সবজি ও মাছ কিনে কোনোভাবে দিন পার করছেন। নতুন চাকরির সন্ধান করলেও অনেক জায়গায় বেতন কম হওয়ায় সিদ্ধান্ত নিতে পারছেন না।

পাঁচ মাস ধরে কারখানায় তালা-
রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া এলাকায় অবস্থিত বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ বৃহত্তর নোয়াখালী অঞ্চলের পরিচিত শিল্পপ্রতিষ্ঠান হিসেবে প্রায় ২০ বছর ধরে ব্যবসা করে আসছিল। তবে চলতি বছরের ১৫ মে কারখানার সামনে নোটিশ টানিয়ে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়।

কারখানা বন্ধ হওয়ার পর থেকেই কর্মহীন হয়ে পড়েন প্রায় দুই হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী। বকেয়া বেতন পরিশোধ ও কারখানা পুনরায় চালুর দাবিতে কয়েক দফা আন্দোলনেও নামেন শ্রমিকরা। তাদের আন্দোলন সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীকেও হিমশিম খেতে হয়েছে।

ব্যাংকিং জটিলতার কথা বলছে কর্তৃপক্ষ বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজের মালিক টিপু সুলতান ও সিনিয়র জেনারেল ম্যানেজার (প্রশাসন) বিপ্লব পাল মুঠোফোনে বলেন, গত ২০ বছর লাভ-লোকসানের মধ্য দিয়েই কারখানাটি পরিচালনা করা হয়েছে। বর্তমানে ব্যাংকিং জটিলতাসহ বিভিন্ন সমস্যার কারণে কারখানা চালু রাখা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

তারা বলেন, কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। শ্রমিকদের দুর্ভোগের বিষয়টি তারা বুঝতে পারছেন। লে-অফ প্রত্যাহার করে কারখানা চালু করতে সরকারের সহযোগিতা প্রয়োজন।

কর্তৃপক্ষের দাবি, ব্যাক টু ব্যাক এলসি চালু ও প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা গেলে কারখানাটি আবার চালু করা সম্ভব হবে।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার বলেন, ব্যাংকিং সমস্যাসহ বিভিন্ন কারণে কারখানা বন্ধ হওয়ার বিষয়টি তারা জানতে পারছেন। বেঙ্গল সু কারখানার কর্মহীন নারী শ্রমিকদের অনেকে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছেন।

তিনি বলেন, শ্রমিকদের বেতনের বিষয়টি নিয়ে কয়েক দফা বৈঠক করে সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু পরবর্তীতে মালিকপক্ষ পুরো কারখানা বন্ধ করে দেয়।

শ্রমিকদের দাবি, দ্রুত বেঙ্গল সু ইন্ডাস্ট্রিজ চালু করে তাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া হোক। বিশেষ করে নারী ও অসহায় শ্রমিকদের জন্য কারখানাটি আবার চালু হওয়া মানে শুধু একটি চাকরি ফিরে পাওয়া নয়, বরং তাদের পরিবারের চুলায় আবার আগুন জ্বলে ওঠা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।