নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

মহানগরীতে ‘জিরো সয়েল’ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা

জুন ২৬, ২০২৫ ৮:০২ 👁️ ২৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : মহানগরীর ধুলা দূর করতে উন্মুক্ত বা খোলা স্থান গাছ, লতাগুল্ম ও ঘাসে আচ্ছাদিত করে জিরো সয়েল কর্মসূচি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

আরও পড়ুনঃ  যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আজ বৃহস্পতিবার পূর্বাচল নতুন শহরের ১১ নম্বর সেক্টরের হারার বাড়ি চত্বরে বন অধিদপ্তর এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আয়োজিত জিরো সয়েল- কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।

পরিবেশ উপদেষ্টা বলেন, মহানগরীর ধুলা দূর করতে জিরো সয়েল কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রতিটি বাড়ির পাশে ঘাস বা আইভি লতা দিয়ে খোলা মাটি ঢেকে দিতে হবে। ছাদে লাগাতে হবে গাছ। যার যা সামর্থ্য আছে ততটা গাছ লাগান-যেখানে খালি জায়গা আছে সেখানে জিরো সয়েল নিশ্চিত করুন। সেপ্টেম্বরের মধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় একটি দৃষ্টান্ত স্থাপন করতে এ কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগী হতে সবার সহযোগিতা দরকার।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

এ সময় সড়ক বিভাজক (মিডিয়ান), ফুটপাত, খাল/জলাশয়ের পাড় এবং অন্যান্য বনায়নযোগ্য জায়গায় গাছের চারা লাগিয়ে বনায়ন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

প্রাকৃতিক ব্যবস্থা ভেঙে ফেলা যাবে না। বন ইকোসিস্টেম তৈরি করা যায় না, এটি জন্মায় ও গড়ে ওঠে-এ কথা উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা বলেন, সবুজায়নের গুরুত্ব সবাইকে বুঝতে হবে এবং তা বাস্তবে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, আবাসনের পাশাপাশি বনভিত্তিক পরিবেশও জরুরি। তাই সংশ্লিষ্ট সব দপ্তরকে নিয়ে সমন্বিতভাবে কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করতে হবে।

এদিকে, ডিএনসিসি সূত্রে জানা যায়, ডিএনসিসি ভবিষ্যতে ১২০ কিলোমিটার মিডিয়ান ও ১০৮ কিলোমিটার খালপাড় সবুজায়নে কাজ করছে। পাশাপাশি রাজউকের উত্তরা আবাসিক সেক্টর ও পূর্বাচলে যৌথভাবে বনায়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এই কার্যক্রমে স্থানীয় জনগণ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সম্পৃক্ত করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুর প্রমুখ।

আরও পড়ুনঃ  তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

উপদেষ্টা পরে বনানী কবরস্থানের পাশের রাস্তায় ঘাস লাগিয়ে জিরো সয়েল (কোনো উন্মুক্ত স্থান না রাখা) কর্মসূচির উদ্বোধন করেন।

উল্লেখ্য, ‘জিরো সয়েল’ কর্মসূচি মূলত ঢাকা শহরের বায়ু দূষণ ও ধুলা নিয়ন্ত্রণে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের একটি উদ্যোগ। এ কর্মসূচির লক্ষ্য হচ্ছে ঢাকা শহরের উন্মুক্ত স্থানগুলোতে মাটি বা ধুলাবালি যাতে না থাকে, তা নিশ্চিত করা। এর মাধ্যমে বায়ুদূষণ কমানো এবং একটি স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব হবে। জিরো সয়েল কর্মসূচি বাস্তবায়নে সিটি কর্পোরেশন, বন বিভাগ এবং নাগরিককে একসঙ্গে কাজ করতে হবে।-বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।