রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শনিবার দিনভর ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিষয়ে একটি বর্ণাঢ্য বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রাণিজ উৎপাদন, আধুনিক গবেষণা, রোগ নিয়ন্ত্রণ ও ভবিষ্যৎ প্রযুক্তিগত অগ্রগতির সম্ভাবনা তুলে ধরতেই এ আয়োজন করা হয়। সম্মেলনের প্রতিপাদ্য ছিল— ‘ইনোভেশন, এপ্লিকেশন অ্যান্ড ফিউচার ট্রেন্ডস ইন অ্যানিমেল হেলথ অ্যান্ড প্রোডাকশন’।
সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম বিজ্ঞান ভবনে উদ্বোধনী সেশন শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, রাবির উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা: ফরিদ উদ্দীন খান। এছাড়া ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি প্রফেসর মোইজুর রহমানও বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের অধিকর্তা ও সম্মেলনের সাংগঠনিক কমিটির আহ্বায়ক প্রফেসর কে এম মোজাফফর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আলিমুল ইসলাম ও সম্মেলনের বৈজ্ঞানিক কমিটির আহ্বায়ক প্রফেসর শাহ্ মো. আব্দুর রউফ। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় প্রফেসর সৈয়দ সারওয়ার জাহান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেসর মো. জালাল উদ্দীন সরদার।
উদ্বোধনী পর্ব শেষে ছয়টি অ্যাকাডেমিক সেশনে সারাদিন জুড়ে ১৫০টি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপিত হয়। এসব প্রবন্ধে পশুস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, রোগ প্রতিরোধ, আধুনিক পশুপালন ব্যবস্থাপনা, প্রযুক্তিভিত্তিক প্রাণিজ উৎপাদন বৃদ্ধি এবং ভবিষ্যতমুখী গবেষণা-অভিযাত্রার নানা দিক উঠে আসে। সম্মেলনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের প্রায় ২৫০ জন গবেষক, শিক্ষক, বিজ্ঞানী ও পেশাজীবী অংশ নেন।
এই সম্মেলনকে কেন্দ্র করে রাবি ক্যাম্পাসে গবেষণা-বিনিময়, মেধা-উদ্ভাসন ও ভবিষ্যতের প্রাণিসম্পদ ব্যবস্থাপনার নতুন পরিকল্পনা নিয়ে এক প্রাণবন্ত বৈজ্ঞানিক পরিবেশ সৃষ্টি হয়।

