নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

দুই দশকের অপেক্ষার পর ‘ইত্যাদি’তে গান গাওয়ার স্বপ্ন পূরণ পুতুলের

অক্টোবর ১৪, ২০২৬ ১১:৩০ 👁️ ২১ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দুই দশকের অপেক্ষার পর ‘ইত্যাদি’তে গান গাওয়ার স্বপ্ন পূরণ পুতুলের
নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুলের দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হয়েছে। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়েছেন তিনি। শৈশব থেকে লালন করা এই স্বপ্ন পূরণের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক স্ট্যাটাসে তুলে ধরেছেন শিল্পী।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে ১২টি পদক জিতল রাজশাহী তায়কোয়ানডো দোজাং

পুতুল লিখেছেন, ‘ইত্যাদি’ অনুষ্ঠানের বয়স তার নিজের বয়সের চেয়েও বেশি। ছোটবেলা থেকেই বাংলাদেশের টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে ‘ইত্যাদি’ দেখে বড় হয়েছেন তিনি। সে সময় ‘ইত্যাদি’তে একটি গান গাওয়া একজন শিল্পীর জীবনের অন্যতম বড় অর্জন হিসেবে বিবেচিত হতো।

শিল্পী জানান, স্কুলজীবনে একবার ‘ইত্যাদি’তে গান গাওয়ার সুযোগ চেয়ে চিঠিও লিখেছিলেন তিনি। এমনকি চিঠিটি যেন অনুষ্ঠানে পড়ে শোনানো না হয়, সে অনুরোধও করেছিলেন। এখন সেই স্মৃতি মনে হলে নিজেরই হাসি পায় বলে জানান পুতুল।

আরও পড়ুনঃ  রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা করল হুথিরা

দীর্ঘ সংগীতজীবনে দেশের প্রায় সব টেলিভিশন চ্যানেলেই গান গেয়েছেন পুতুল। তবে ‘ইত্যাদি’র মঞ্চে গান গাওয়ার আক্ষেপটি থেকেই গিয়েছিল। একবার অনুষ্ঠানটির উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের সঙ্গে দেখা হলেও নিজের সেই ইচ্ছার কথা তাকে বলতে পারেননি তিনি।

অবশেষে একদিন হানিফ সংকেতের ফোন পান পুতুল। ফোনের ওপার থেকে ‘ইত্যাদি’তে গান গাওয়ার আমন্ত্রণ জানানো হয় তাকে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করে পুতুল লিখেছেন, ‘বিস্মিত মনে ভাবলাম, চাওয়ার মতো চাইলে সৃষ্টিকর্তা মানুষকে চমকে দিয়ে অনেক কিছু ঘটান।’

জানা গেছে, ‘ইত্যাদি’র এবারের পর্বের ধারণ করা হয়েছে লক্ষ্মীপুরে। পুতুল ফেনীর মেয়ে হওয়ায় বৃহত্তর নোয়াখালীর শিল্পী হিসেবে তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। তার সঙ্গে গান পরিবেশন করেছেন সংগীতশিল্পী তানজিনা রুমা।

গানটির কথা লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন আকাশ মাহমুদ। রেকর্ডিংয়ের অভিজ্ঞতা তুলে ধরে পুতুল জানান, হানিফ সংকেত নিজে উপস্থিত থেকে পুরো কাজ তদারক করেছেন। তিনি চাইলে অন্য কাউকে দায়িত্ব দিতে পারতেন, কিন্তু পুরো প্রক্রিয়ার প্রতিটি বিষয় অত্যন্ত মনোযোগ দিয়ে দেখেছেন।

আরও পড়ুনঃ  চরম নিরাপত্তার ঝুঁকিতে দফায় দফায় সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে

লক্ষ্মীপুরে শুটিংয়ের অভিজ্ঞতাও পুতুলের কাছে ছিল বিশেষভাবে স্মরণীয়। শিল্পী থেকে শুরু করে প্রযোজনা দলের প্রতিটি সদস্যের প্রতি হানিফ সংকেতের সম্মান, বিনয়, সহানুভূতি ও মানবিক আচরণ তাকে মুগ্ধ করেছে বলে জানান তিনি।

পুতুলের ভাষায়, অহংকার করার অসংখ্য কারণ থাকা সত্ত্বেও হানিফ সংকেত কতটা নিরহংকারী, তা কাছ থেকে দেখে উপলব্ধি করেছেন তিনি। কিংবদন্তিতুল্য হতে হলে কী ধরনের গুণাবলি প্রয়োজন, সেই শিক্ষাও পেয়েছেন বলে উল্লেখ করেন এই শিল্পী।

স্ট্যাটাসের শেষদিকে দর্শকদের বাংলাদেশ টেলিভিশনে শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রচারিত ‘ইত্যাদি’ অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন পুতুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।