নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

আইপিএলে নতুন ভূমিকায় যুবরাজ সিং

অক্টোবর ১৪, ২০২৬ ৮:০০ 👁️ ১০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আইপিএলে এবার নতুন পরিচয়ে দেখা যাবে ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিংকে। দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী দলের এই গুরুত্বপূর্ণ সদস্য। খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন আইপিএলে কাটালেও এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে কোচিংয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে শেষ মুর্হূতে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

মঙ্গলবার (১৩ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে যুবরাজের এই নতুন দায়িত্বের খবর প্রকাশিত হয়।

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুবরাজের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৫ সালের আইপিএল নিলামে ১৬ কোটি রুপিতে তাকে দলে নিয়েছিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। সে সময় আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। দীর্ঘ বিরতির পর এবার সেই পুরোনো দলেই ফিরছেন, তবে খেলোয়াড় হিসেবে নয়—কোচের ভূমিকায়।

দিল্লির কোচিং স্টাফে যোগ দিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর সঙ্গে আবারও কাজ করার সুযোগ পাচ্ছেন যুবরাজ। সম্প্রতি দলটির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সৌরভ। ভারতীয় ক্রিকেটের দুই পরিচিত মুখকে এবার একই ডাগআউটে দেখা যাবে, যা নিয়ে ইতোমধ্যে ক্রিকেট মহলে আগ্রহ তৈরি হয়েছে।

গত কয়েক বছরে ভারতের একাধিক তরুণ ক্রিকেটারকে পরামর্শ দিয়েছেন যুবরাজ। শুবমান গিল, অভিষেক শর্মা ও প্রভসিমরন সিংয়ের মতো প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। এবার দিল্লি ক্যাপিটালসের তরুণ ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।

আরও পড়ুনঃ  বাংলাদেশের ‘ইশারা’য় দিল্লিতে আন্দোলন হচ্ছে: পশ্চিমবঙ্গের মন্ত্রী

আইপিএলে এখনো শিরোপা জিততে পারেনি দিল্লি ক্যাপিটালস। দীর্ঘদিনের সেই আক্ষেপ ঘোচাতে যুবরাজের অভিজ্ঞতা ও জয়ের মানসিকতা দলটির কাজে আসবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন যুবরাজ।

আইপিএলে নিজের ক্যারিয়ারে ১৩২টি ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ২ হাজার ৭৫০ রান, পাশাপাশি নিয়েছেন ৩৬টি উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটেও রয়েছে তার সমৃদ্ধ অভিজ্ঞতা। ১৭ বছরের ক্যারিয়ারে ভারতের হয়ে ৪০টি টেস্ট, ৩০৪টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার।

বরাজকে দলে স্বাগত জানিয়ে দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান পার্থ জিন্দাল বলেন, ‘যুবরাজকে দিল্লি ক্যাপিটালস পরিবারে পেয়ে আমরা দারুণ আনন্দিত। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচজয়ী সে। বর্তমান সময়ের অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটারকে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার অভিজ্ঞতা, জয়ের মানসিকতা ও খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগের দক্ষতা আমাদের দলের জন্য মূল্যবান হবে।’

আরও পড়ুনঃ  সিটি হাসপাতালকে অত্যাধুনিক হাসপাতাল হিসেবে গড়ে তোলার আশ্বাস : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুবরাজও। দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নিজের পুরোনো সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, ‘দিল্লি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার পুরোনো সম্পর্ক রয়েছে এবং মালিকদেরও আমি ভালোভাবে চিনি। সে কারণে সুযোগটি আমার কাছে বিশেষ।’

সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন ভারতের সাবেক এই অলরাউন্ডার। যুবরাজ বলেন, ‘দাদার (সৌরভ গাঙ্গুলী) সঙ্গে এবার কোচ হিসেবে কাজ করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

কোচিংয়ের প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘কোচিংয়ের প্রতি আমার ভীষণ আগ্রহ আছে এবং এই প্রতিভাবান দলটির সঙ্গে কাজ শুরু করতে তর সইছে না।’

খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চে সাফল্যের স্বাদ পাওয়া যুবরাজ এবার কোচ হিসেবে দিল্লি ক্যাপিটালসকে প্রথম আইপিএল শিরোপা জেতানোর অভিযানে কতটা প্রভাব রাখতে পারেন, সেটিই দেখার বিষয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।