স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি, ডিবি ও রাজপাড়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং নেশাজাতীয় ব্রনকফ-সি, মোনোড্রিল ও ফেয়ারড্রিল সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক বিক্রির নগদ অর্থ এবং মোটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (১৬ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি পূর্ব রায়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার বুলনপুর গ্রামের মৃত আহম্মেদ মোস্তফার ছেলে মো. আবুল হোসেন (৫৬)- কে গ্রেপ্তার করলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া গ্রামের মৃত হাবিবুর রহমান ওরফে কাপাসিয়ার ছেলে মো: রজব আলী (৩২) কৌশলে পালিয়ে যায়। এসময় গ্রেপ্তারকৃত আবুল হোসেনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সেইসাথে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আবুল হোসেন দীর্ঘদিন ধরে পলাতক আসামি রজব আলীর সাথে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য, পলাতক আসামি রজব আলীর বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানায় পৃথক পৃথক মোট ১১টি মাদক মামলা রয়েছে।
অপরদিকে, ডিবি পুলিশ একই তারিখ রাত আনুমানিক ৮টার দিকে রাজপাড়া থানার শ্রীরামপুর নদীর ধার এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের শওকত আলীর ছেলে মো: কামাল আলী ওরফে হাবিল (২৮)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৭৫০ টাকা জব্দ করা হয়।
তাছাড়াও রাজপাড়া থানা পুলিশ একই তারিখ সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে লক্ষীপুর এলাকায় অভিযান পরিচালনা করে লক্ষীপুর (প্যারামেডিকেল রোড) গ্রামের মৃত মহির শেখের ছেলে মো: মতিয়ার রহমান মতি (৫৫) এবং বোয়ালিয়া থানার পাঠানপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মো: শফিকুল ইসলাম (৫৪)-কে গ্রেপ্তার করে। এসময় মতির হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৬১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত শফিকুল দীর্ঘদিন ধরে মতির সাথে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি শফিকুলের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ২টি মাদক মামলা রয়েছে।
অন্যদিকে, দামকুড়া থানা পুলিশ গত ১৫ অক্টোবর বেড়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করাকালে একই গ্রামের মো: জেনারুল আলীর ছেলে মো: সুমন আলী (২৭) পূলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় পলাতক আসামির ফেলে যাওয়া নেশাজাতীয় ০৬ বোতল ব্রনকফ-সি সিরাপ, ০২ বোতল মোনোড্রিল সিরাপ, ০৩ বোতল ফেয়ারড্রিল সিরাপ উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

