স্টাফ রিপোর্টার : দেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ যুবক। তাই দেশ গঠন ও অর্থনীতিকে শক্তিশালী করতে যুব সমাজের ভূমিকা অনস্বীকার্য। যুবকরাই দেশের অর্থনীতিকে চাঙা করার মূল শক্তি বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
রোববার (১ নভেম্বর) সকালে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন ইতিহাসের রাখাল রাজা ও মহান দার্শনিক। তাঁর মধ্যে অগাধ দেশপ্রেম ছিল। দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে তিনিই প্রথম যুব ও ক্রীড়া মন্ত্রণালয় গঠন করেন। ‘স্বনির্ভর বাংলাদেশ’ গড়ার বৈপ্লবিক কর্মসূচিতে যুব সমাজকে প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন তিনি।
দেশের অর্থনৈতিক ব্যবস্থা চাঙা করার তাগিদ দিয়ে শফিকুল হক মিলন বলেন, খাল কাটা, গাছ লাগানো, মাছ চাষ এবং গরু, ছাগল ও হাঁস-মুরগি পালনের মতো উদ্যোগে জোর দিতে হবে। অর্থনীতিকে শক্তিশালী করার এসব কাজে যুব সমাজই সবচেয়ে বেশি কর্মক্ষম। নিজেদের নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। বিভিন্ন জাতীয় দিবস ও মন্ত্রণালয়ের মাধ্যমে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে।
তিনি আরও বলেন, আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকে চাহিদা ও জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষার ব্যবস্থা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। দক্ষ ও পারদর্শী যুবকদের সরকারিভাবে পুরস্কৃত করার উদ্যোগ রয়েছে। গত বছর মোহনপুরের একজন এ পুরস্কার পেয়েছিলেন। আজও একজন রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। পরিবারের সন্তানদের কাজের প্রতি উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পবা ও মোহনপুর উপজেলার ইউএনও, মাঠপর্যায়ের কর্মী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও উদ্যোগী হওয়ার নির্দেশনা দেন সংসদ সদস্য। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী কাজ করতে পছন্দ করেন এবং দেশের যুব সমাজ তাঁর কাছে অত্যন্ত প্রিয়।সরকারি সেবা
এর আগে জাতীয় যুব দিবস উপলক্ষে মোহনপুর ও পবায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। আলোচনা সভা শেষে যুবকদের মধ্যে যুব ঋণের চেক, ক্রেস্ট ও গাছের চারা বিতরণ করা হয়।
মোহনপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর অর রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অন্যদিকে, পবা উপজেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা।

