নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

দেশের ২৪তম হাসপাতাল হিসেবে ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু সিরাজগঞ্জে

নভেম্বর ১৩, ২০২৬ ১০:০৬ 👁️ ৪ views
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি : বাড়ি হাসপাতাল থেকে দূরে হওয়ায় চিকিৎসকের সিরিয়াল পেতে অনেক রোগীকে আগের দিনই চলে আসতে হয়। কেউ হাসপাতালের আশপাশে রাত কাটান, আবার কেউ ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন টিকিটের জন্য। এতে রোগীর পাশাপাশি ভোগান্তিতে পড়তে হয় সঙ্গে আসা স্বজনদেরও।

এমন ভোগান্তি কমাতে সিরাজগঞ্জের ৫০০ শয্যাবিশিষ্ট সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা। দেশের ২৪তম হাসপাতাল হিসেবে এ সেবা চালু হলো প্রতিষ্ঠানটিতে।

এ ব্যবস্থায় রোগীরা ঘরে বসেই অনলাইনে বহির্বিভাগের চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট বা সিরিয়াল নিতে পারবেন। একইসঙ্গে ৫ বা ১০ টাকা টিকিটের মূল্যও অনলাইনে পরিশোধ করা যাবে। ফলে হাসপাতালে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা, অতিরিক্ত ভিড় ও সময়ের অপচয় কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ৩টায় হাসপাতালের তৃতীয় তলার কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

ই-অ্যাপয়েন্টমেন্ট সেবার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশের ২৪তম হাসপাতাল হিসেবে সারাদেশের মধ্যে এ সেবা সিরাজগঞ্জে চালু করতে পেরেছি। এর আগে বেশিরভাগ ক্ষেত্রে ঢাকার বড় বড় হাসপাতালগুলোতে এ সেবা চালু হয়েছে। সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এটি চালুর ফলে সাধারণ রোগীদের আর সকাল ৮টা বা ৯টার মধ্যে এসে টিকিট কাউন্টারে দৌড়াদৌড়ি করতে হবে না। এতে রোগীদের পাশাপাশি তাদের সঙ্গে আসা স্বজন এবং স্বাস্থ্যকর্মীদের ভোগান্তিও কমবে।

তিনি আরও বলেন, এসব সমস্যা সমাধানে কয়েক মাস আগে ধীরে ধীরে দেশের সব হাসপাতালে ই-অ্যাপয়েন্টমেন্ট সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনলাইনে একটি কলের মাধ্যমেই রোগীরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। অনেক সময় দূর থেকে আসা রোগীদের ভিড় এড়াতে আগের দিন হাসপাতালে আসতে হয়। নতুন ব্যবস্থায় সেই ভোগান্তি আর থাকবে না। স্বাস্থ্যসেবাকে ধীরে ধীরে অটোমেশন ও ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে, যাতে প্রতিটি কাজ স্বচ্ছভাবে সম্পন্ন করা যায় এবং সেবাগ্রহীরাও তা জানতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী, রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এবং ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটিশ কাউন্সিল ও ই-গভর্ন্যান্স একাডেমির কারিগরি সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এমআইএসের মাধ্যমে পরিচালিত ই-হেলথ গভর্ন্যান্স প্রকল্পের আওতায় বর্তমানে দেশের ২৮টি প্রতিষ্ঠানে এ সেবা চালু রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।