স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় সাবেক আওয়ামী লীগ নেতা ও মৎস্য ব্যবসায়ী জাবের আলীর ছবি ব্যবহার করে পোস্টার সাঁটানোর অভিযোগ উঠেছে। পোস্টারগুলোতে তাঁর ছবির পাশাপাশি শেখ মুজিবুর রহমান ও সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও রয়েছে। এ ঘটনায় নিজেকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানি করার অভিযোগ এনে বাগমারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জাবের আলী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল গ্রামের মৎস্য ব্যবসায়ী জাবের আলীর ছবি সম্বলিত বেশ কিছু পোস্টার বাসুপাড় ইউনিয়নসহ লাউবাড়িয়া ও বীরকয়া গ্রামের বিভিন্ন দেয়ালে সাঁটানো হয়। পোস্টারগুলোতে জাবের আলীর ছবির সঙ্গে শেখ মুজিবুর রহমান ও পলাতক শেখ হাসিনার ছবিও ব্যবহার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পোস্টারগুলো দেখতে পেয়ে জাবের আলীকে বিষয়টি জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে পোস্টারগুলো দেখতে পান। তাঁর অভিযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তাঁর ছবি তৈরি বা সম্পাদনা করে উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব পোস্টার তৈরি করা হয়েছে।
জাবের আলী বলেন, “আমি অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম। তবে বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি নিষ্ক্রিয়। আমার পুরোনো রাজনৈতিক পরিচয়কে ব্যবহার করে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানি করার উদ্দেশ্যেই এ ধরনের পোস্টার তৈরি ও সাঁটানো হয়েছে।”
তিনি আরও বলেন, কারা এবং কী উদ্দেশ্যে এসব পোস্টার তৈরি ও সাঁটিয়েছে, তা তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
উল্লেখ্য, জাবের আলী অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। তবে বর্তমানে তিনি দলটির রাজনীতিতে নিষ্ক্রিয় রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তবে কে বা কারা এসব পোস্টার তৈরি ও সাঁটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
